সেশনজট এড়াতে আগামী ১৭ জানুয়ারি থেকে অনার্স শেষ বর্ষ এবং মাস্টার্সের ফাইনাল পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া ১৫ ফেব্রুয়ারির মধ্যে সকল বিভাগকে পরীক্ষা শেষ করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ১৬৩ তম একাডেমিক কাউন্সিলের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, অনার্স শেষ বর্ষ এবং মাস্টার্সের ফাইনাল পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগামী ১৭ জানুয়ারি থেকে নেওয়ার ব্যাপারে একাডেমিক কাউন্সিলের সবাই একমত হয়েছেন। ইতিমধ্যে প্রত্যেক শিক্ষাবর্ষের দুই সেমিস্টারের অনলাইন শিক্ষা কার্যক্রম শেষ হয়েছে। এছাড়া টার্মটেস্ট, অ্যাসাইনমেন্ট ও কুইজের মাধ্যমে ক্লাস পরীক্ষাগুলো মূল্যায়ন করা হয়েছে।
আরও পড়ুন: স্বাধীনতার ২৬ বছর পর রাজাকারের নামে পোস্ট অফিস, দুই যুগ পর প্রশাসনের নজরে
তবে, পরীক্ষাকালীন সময়ে হল খোলার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেন জানান একাডেমিক কাউন্সিলের একাধিক সদস্য। তারা বলেন, পরীক্ষাকালীন সময়ে হল খোলার বিষয়ে কোনো সিদ্ধান্ত একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে নেওয়া হয়নি। তবে, মেয়ে শিক্ষার্থীদের আবাসনের বিষয়ে সমস্যা হলে তাদের সংশ্লিষ্ট বিভাগে যোগাযোগ করতে বলা হয়েছে এবং বিভাগ থেকে তাদের সর্বোচ্চ সহযোগিতা করা হবে।
ইত্তেফাক/এসি
