সাকিব- রাসেলে ম্লান সিলেট

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৯, ২১:৫৩

এক ম্যাচ পরই স্বরূপে ফিরেছে ঢাকা ডায়নামাইটস। সিলেট পর্বের শুরুতে রাজশাহী কিংসের কাছে হারলেও সিলেট সিক্সার্সের বিপক্ষে শক্তিমত্তার পূর্ণ প্রদর্শনী করেই মাঠ ছেড়েছে ঢাকা। জয় দিয়ে সিলেট পর্ব শেষ করেছে দলটি। অধিনায়ক সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যের সঙ্গে আন্দ্রে রাসেলের বিস্ফোরক ব্যাটিংয়ে অনায়াস জয় পেয়েছে ঢাকা। গতকাল সিলেটকে ছয় উইকেটে পরাজিত করেছে ঢাকা। ছয় ম্যাচে পাঁচ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই থাকলো সাকিবের দল। সমান সংখ্যক ম্যাচে সিলেটের এটি চতুর্থ হার।

প্রথমে ব্যাট করে অধিনায়ক ডেভিড ওয়ার্নারের হাফ-সেঞ্চুরিতে আট উইকেটে ১৫৮ রানের স্কোর গড়েছিল সিলেট। কিন্তু এই সংগ্রহ পর্যাপ্ত হয়নি। সাকিবের হাফ-সেঞ্চুরিতে ১৮ বল আগেই চার উইকেটে ১৬৩ রান তুলে ম্যাচ জিতে নেয় ঢাকা। বোলিংয়ে দুই উইকেট, ব্যাটিংয়ে অপরাজিত ৬১ রান করা সাকিব ম্যাচ সেরা হন।

রান তাড়া করতে নামা ঢাকার শুরুটা অবশ্য ম্যাচ জমে যাওয়ার ইঙ্গিত দিয়েছিল। পাওয়ার প্লে’র মাঝে ৩৭ রানেই তিন উইকেট হারিয়েছিল ঢাকা। মিজানুর (১), সুনীল নারিন (২০), রনি তালুকদার (১৩) ফিরেছিলেন সাজঘরে। চতুর্থ উইকেটে আফগান দারউইশ রাসুলিকে ইনিংস বিনির্মাণে মনোযোগী হন সাকিব। তারা ৭৫ রানের জুটি গড়েন। ৩০ বলে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন সাকিব। বিপিএলের ষষ্ঠ আসরে এটিই তার প্রথম হাফ-সেঞ্চুরি। ১২তম ওভারে লামিচানেকে তিনটি চার মারেন তিনি। দ্বিতীয় চারেই পার হন পঞ্চাশ। ব্যাটসম্যান হিসেবে এই হাফ-সেঞ্চুরি অনেক কাঙ্ক্ষিত ছিল সাকিবের। তাই হাফ-সেঞ্চুরির পরই উইকেটে সেজদাহ করেছেন তিনি।

সাকিব-রাসুলির জুটি ভেঙেছেন মোহাম্মদ ইরফান। রাসুলি ১৯ রান করেন। তখনও জয় থেকে ৪৭ রান দূরে ছিল ঢাকা। কিছুটা প্রতিদ্বন্দ্বিতার আশা টিকে ছিল সিলেটের। কিন্তু আন্দ্রে রাসেল উইকেটে এসে শুরু করেন তাণ্ডব। তাতেই উবে যায় সিলেটের সব আশা। তাসকিনকে-ইরফানকে দুটি করে ছক্কা মারেন এই ক্যারিবিয়ান অলরাউন্ডার। বিশাল ছক্কাগুলোর মাঝে একবার তো বলই হারিয়ে গিয়েছিল। ২১ বলে অপরাজিত ৪০ রানে (২ চার, ৪ ছয়) রাসেল ঢাকার জয়টা সহজ করে ফেলেন। একপ্রান্ত আগলে থাকা সাকিবের ৪১ বলে অপরাজিত ৬১ রানের (৮ চার, ২ ছয়) ইনিংসটাই অবশ্য ঢাকার জয়ের মূল রসদ। সিলেটের পক্ষে ইরফান দুটি, লামিচানে-তাসকিন একটি করে উইকেট পান। এর আগে সিলেটকে উড়ন্ত শুরু এনে দিয়েছিলেন লিটন দাস-সাব্বির রহমান। কিন্তু দলীয় ৩৮ রানের মাথায় দুজনই ফিরে যান। লিটন ১৪ বলে ২৭, সাব্বির ১১ রান করেন। ভালো শুরু করেও আফিফ হোসেন ১৯ রান করে আউট হন। এরপর অলক কাপালি, নিকোলাস পুরান দ্রুত ফিরলে ৮৬ রানে পাঁচ উইকেট হারিয়ে বসে সিলেট। ষষ্ঠ উইকেটে জাকের আলীকে নিয়ে ৬৩ রানের জুটি গড়েন অধিনায়ক ওয়ার্নার। তাদের জুটিতেই লড়াইয়ের পুঁজি পায় সিলেট। জাকের আলী ২৫ রান করেন। ওয়ার্নার তুলে নেন বিপিএলে নিজের তৃতীয় হাফ-সেঞ্চুরি। ১৯তম ওভারে আউট হওয়ার আগে এই অস্ট্রেলিয়ান ৪৩ বলে ৬৩ রান (৮ চার, ১ ছয়) করেন। ঢাকার পক্ষে বির্চ তিনটি, সাকিব দুটি, রুবেল, নারিন, রাসেল একটি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর

সিলেট সিক্সার্স: ২০ ওভারে ১৫৮/৮

ঢাকা ডায়নামাইটস: ১৭ ওভারে ১৬৩/৪

ফল: ঢাকা ডায়নামাইটস ছয় উইকেটে জয়ী

ম্যাচ সেরা: সাকিব আল হাসান (ঢাকা ডায়নামাইটস)