দুঃখরেণু গায়ে মেখে খোলা মাঠে বসে দেখছি রাত্রির আকাশ।
দ্বিতীয়ার চাঁদ অন্ধকারের জরায়ু থেকে জন্ম নিয়েই একা হয়ে গ্যালো।
রাত্রির নিঃশ্বাসে ভেসে থাকা স্বপ্নের সাথে সাক্ষাত্ হতেই
ফিরে এলাম নিজের কাছে। যেন আমি কামনার এক আয়না।
মুখোশ বদলে ডুবুরিপোশাক পরে নিঃশব্দে ডুবে যাচ্ছি গহিন-অতলে।
দূর থেকে দাঁড়িয়ে তুমিও দেখছ আমার ডুবে যাওয়ার দৃশ্য।
