নদীর মতো শুয়ে থাকি আমরণ
আমার শরীরে বাস করে রঙিন মাছের প্রজাতি
সুসজ্জিত শরীরে আগুনের প্রলেপ
আকস্মিক হতাহতের ভয়ে মাছগুলো উড়ে যায়
রঙিন ডানা খসে পড়ে উঁই পোকার মতো।
আমারও নিজস্ব পাখা ছিল
এখন গুচ্ছগুচ্ছ স্মৃতির পালকেরা
শাদা বক হয়ে শূন্যে সাঁতার কাটে ঝড়ের বৈরিতায়।
রোদের মতো এক খণ্ড অন্ধকার পথ রোধ করে দাঁড়ায়;
জিজ্ঞেস করি, তুমি দিনের আলোতে কী চাও আমার কাছে?
তুমি তো অন্ধকার;
তোমার সম্পর্ক হোক অমাবস্যার ঝুম বৃষ্টির মাতাল ঠোঁটে
আমি তো পালিয়ে এসেছি কৃষ্ণগহ্বরের মায়াবী বিকিনি ছিঁড়ে
তুমি বরং ফিরে যাও মনসার কাছে
এবং আমি ঘুঘুর কণ্ঠে সুর হয়ে যাই।
