লক্ষ্মীপুরের রামগতি-চট্টগ্রাম রুটের ‘এ ওয়ান ট্রাভেলস্’ নামের একটি নৈশকোচে অজ্ঞান পার্টির কবলে পড়ে বুধবার খোরশেদ আলম (৬৬) নামের এক যাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে চট্টগ্রাম থেকে রামগতি উপজেলা সদর আলেকজান্ডারে আসার পথে খোরশেদ অজ্ঞান পার্টির কবলে পড়েন। নৈশ কোচের অপর যাত্রী আবুল হোসেনকে আলেকজান্ডার বাস টার্মিনালে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিত্সা দেওয়া হয়েছে।
নিহতের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে জানা যায়, খোরশেদ আলম ভোলা জেলার তজুমুদ্দিন থানার চর জহির উদ্দিনের দেবীপুর এলাকার মতিউর রহমানের ছেলে। অসুস্থ আবুল হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার সাজু মিয়ার ছেলে। পুলিশ বুধবার বিকেলে খোরশেদ আলমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠিয়েছে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক জানান, এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
