আসন্ন টেস্ট সিরিজে স্বাগতিক ক্যারিবিয়ানদের হালকা মেজাজে নিলে ইংল্যান্ড ভুল করবে। এমনটা বিশ্বাস করেন ওয়েস্ট দলের সাবেক কোচ স্টুয়ার্ট ল। যদিও, আগামী সপ্তাহে বারবাডোজে শুরু হওয়া তিন ম্যাচ টেস্ট র্যাংকিংয়ের আট নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে র্যাংকিংয়ে বর্তমানে তিন নম্বরে থাকা ইংল্যান্ডকেই ফেবারিট বলে মানছেন তিনি। যুক্তরাজ্যে অবস্থানরত স্ত্রী সন্তানকে আরো বেশি সময় দেওয়ার লক্ষ্যে ক্যারিবীয় দলের দায়িত্ব ছেড়ে দেওয়া ল বর্তমানে ইংলিশ কাউন্টি দল মিডলসেক্সের কোচের দায়িত্ব পালন করছেন। ল’র অধীনেই দুই বছর আগে হেডিংলি টেস্টে স্বাগতিক ইংল্যান্ডকে হারিয়েছিল সফরকারী ওয়েস্ট ইন্ডিজ দল। ল বলেন, ‘স্বাগতিক দলকে অবহেলা করার কিছু নেই। হেডিংলি টেস্টে বর্তমান দলের অনেকেই খেলেছে। সুতরাং ইংল্যান্ড দল তাদের সেরাটা না খেললে ওয়েস্ট ইন্ডিজ আপসেট ঘটাতে পারে।’
