মহান মুক্তিযুদ্ধে বিভিন্ন দেশে চিঠি লিখে বাংলাদেশের স্বাধীনতায় সমর্থন আদায়ে চেষ্টা করেছিলেন ব্রিটিশ নাগরিক লুসি হেলেন ফ্রান্টিস হল্ট। মুক্তিযুদ্ধের সময় যশোরের ফাতেমা হাসপাতালে থেকে যুদ্ধাহতদের সেবা দিয়েছিলেন। গত বুধবার বাংলাদেশের সেই অকৃত্রিম বন্ধু লুসি হল্টের ৯০তম জন্মদিন উপলক্ষ্যে বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান তাকে শুভেচ্ছা জানান। কেক, ফুল, ফল নিয়ে জেলা প্রশাসক লুসির বর্তমান আবাসস্থল বরিশাল নগরীর অক্সফোর্ড মিশনে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় লুসি অবেগাপ্লুত হয়ে পড়েন। তার জন্ম তারিখ মনে রেখে প্রশাসন শুভেচ্ছা জানানোয় অভিভূত হন তিনি। তিনি জানান, বাংলাদেশ প্রতিষ্ঠার দিনে তারও জন্মদিন, এতে তিনি গৌরব বোধ করেন।
জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান জানান, মানবদরদি, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু লুসির যে কোনো প্রয়োজনে পাশে থাকতে চান তারা। বাংলাদেশে নাগরিকত্ব প্রদানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তার স্বপ্ন পূরণ করেছেন। লুসি হল্ট বাংলাদেশের নাগরিকত্ব চেয়েছিলেন বহু আগে। ২০১৬ সালে গণমাধ্যমে এ নিয়ে প্রতিবেদন প্রকাশের পর ২০১৮ সালে তাকে নাগরিকত্ব দেওয়া হয়। এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস, প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ উপস্থিত ছিলেন।
