নগর সংস্কৃতি

জামিল আহমেদের নাটক ‘৪.৪৮ মন্ত্রাস’ প্রদর্শন আজ থেকে শুরু

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২০, ২২:৩৯

বেইলি রোডের মহিলা সমিতির মিলনায়তনে আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে স্পর্ধা প্রযোজিত নাটক ‘৪.৪৮ মন্ত্রাস’ নাটকটি। টানা ১৪ দিন একই নাটকের প্রদর্শনী হবে এ মঞ্চে। সারাহ কেইন রচিত, শাহমান মৈশান ও শরীফ সিরাজ অনূদিত এই নাটকের পরিকল্পনা ও নির্দেশনায় আছেন সৈয়দ জামিল আহমেদ। নাটকের বিষয়বস্তুর কেন্দ্রবিন্দু হল এক তরুণ শিল্পীর মনস্তত্ত্বে বিষণ্নতার জন্ম, কারণ তিনি সমাজে ব্যাপক সহিংসতার সাক্ষী যেমন: ধর্ষণ, যৌন নিপীড়ন, খুন, আমৃত্যু নির্যাতন, ধর্মীয় অসহিষ্ণুতা এবং সমাজে বিশৃঙ্খল অনিশ্চয়তা।

‘৪.৪৮ মন্ত্রাস’ সারাহ কেইন এর ৪.৪৮ সাইকোসিসের একটি অনন্য কাব্যশৈলী, যা নির্মিত হয়েছে রৈখিক আখ্যানকে প্রত্যাখ্যান করে এবং আলিঙ্গন করেছে উত্তর নাটকীয় কাঠামো। এতে একীভূত হয়েছে দীর্ঘ একক কথন, চেতনার প্রবাহ, স্বগতোক্তি, দৈনন্দিন জীবনের কথোপকথন এবং দর্শকদের সরাসরি সম্বোধন করে বিবরণ। নাটকটি আজ শুক্রবার থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মহিলা সমিতি মিলনায়তনে মঞ্চায়িত হবে। গতকাল বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যম কর্মীদের জন্য একটি বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীর ভিডিও, ছবি ধারণ এবং পরিচালক ও কলাকুশলীদের সঙ্গে পরিচয়ের উদ্দেশ্যেই মূলত এর আয়োজন করা হয়। তবে ১৪ দিনব্যাপী এই ধারাবাহিক প্রদর্শনীর অন্য দিনগুলোতে নাটকের পরিকল্পনা ও কারিগরি সংক্রান্ত কারণে ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি সম্পূর্ণ নিষিদ্ধ করেছে প্রযোজনা সংস্থা স্পর্ধা।

আজ শুক্রবার উদ্বোধনী মঞ্চায়ন সন্ধ্যা সাড়ে ৭টায়। কাল শনিবার বিকাল ৪টা ও সন্ধ্যা সাড়ে ৭টায় রয়েছে দুটি প্রদর্শনী। আর ২০ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত সন্ধ্যা সাড়ে ৭টায় থাকছে প্রতিদিন একটি করে প্রদর্শনী। ২৫ ও ২৬ ডিসেম্বর বিকাল ৪টা এবং সন্ধ্যা সাড়ে ৭টায় থাকছে দুটি প্রদর্শনী। ২৭ থেকে ৩০ ডিসেম্বর প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৭টায় থাকছে একটি করে প্রদর্শনী। আর ৩১ ডিসেম্বর বিকাল ৪টায় হবে সমাপনী মঞ্চায়ন।