কোপা দেল রে
স্পোর্টস ডেস্ক
উসমান দেম্বেলের জোড়া গোল এবং লিওনেল মেসির লক্ষ্যভেদে লেভান্তেকে ৩-০ গোলে হারিয়ে কোপা দেল রের শেষ আটে ‘আপাতত’ জায়গা করে নিয়েছে শিরোপাধারী বার্সেলোনা।
প্রথম লেগে বার্সা ‘বি’ এর ডিফেন্ডার চুমির খেলাকে অবৈধ দাবি করে স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশনে লিখিত অভিযোগ জানিয়েছে লেভান্তে। যদি অভিযোগ যৌক্তিক প্রমাণিত হয় তবে প্রতিযোগিতা থেকে বিদায় নিতে হবে মেসির দলকে। তবে বার্সা কোচ আর্নেস্তো ভালভার্দে জানিয়েছেন, এ নিয়ে কোনো দুশ্চিন্তায় ভুগছেন না তিনি।
লেভান্তের মাঠে প্রথম লেগে প্রায় দ্বিতীয় সারির দল নিয়ে খেলতে নামা বার্সেলোনা ম্যাচটি হেরে আসে ২-১ গোলে। ক্যাম্প ন্যুর দ্বিতীয় লেগে তাই জয় ছাড়া কোনো উপায় খোলা ছিল না কাতালান দলটির।
এই ম্যাচে মেসি, ইভান রাকিটিচ, আর্তুরো ভিদালদের উপস্থিতিতে উজ্জীবিত বার্সেলোনা শুরু থেকেই চেপে ধরে সফরকারীদের। ৩০ মিনিটে কাঙ্খিত গোলটিও পেয়ে যায়। অধিনায়ক মেসির পাস থেকে লক্ষ্যভেদ করেন দেম্বেলে। এর মিনিট দুয়েক পর আবারও বল বাড়ালেন মেসি, আবারও দেম্বেলের পায়ে বল। এবার তার করা শটটি লেভান্তে গোলরক্ষক এরিক কাবাকোর শরীরে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায়। দুই গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে বার্সা।
প্রথমার্ধে দুর্দান্ত খেললেও গোলের দেখা পাননি মেসি। দ্বিতীয়ার্ধে সে আক্ষেপও ঘোঁচালেন তিনি। ৫৪ মিনিটে রাইটব্যাক নেলসন সেমেদোর পাস থেকে লেভান্তের জালে বল জড়ান তিনি। গোলটি করে কোপা দেল রেতে বার্সেলোনার এযাবত্কালের সেরা গোলদাতার তালিকায় দুইয়ে উঠে এসেছেন তিনি। ৪৯ গোল নিয়ে কিংবদন্তি লাজলো কুবালার পাশাপাশি অবস্থান করছেন তিনি। ৬৪ গোল নিয়ে তালিকার শীর্ষে আছেন জোসেপ সামিতিয়ের।
মাঠের লড়াইয়ে বার্সেলোনা তিন গোলের ব্যবধানে জিতলেও কার্যত দুই দলের লড়াই এখনো শেষ হয়ে যায়নি। প্রথম লেগে অভিজ্ঞ ডিফেন্ডারদের বিশ্রাম দিতে গিয়ে কোচ ভালভার্দে ‘বি’ দলের খেলোয়াড় চুমি কে দলে আনেন, যিনি সেগুন্দা ডিভিশন ‘বি’তে পাঁচটি হলুদ কার্ড দেখে নিষেধাজ্ঞার খড়েগ পড়েছিলেন। লেভান্তের দাবি, সেই নিষেধাজ্ঞার পরিধি বিস্তৃত কোপা দেল রেতেও। এ নিয়ে স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশনে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে লেভান্তে। অভিযোগটি যৌক্তিক প্রমাণিত হলে কোপা থেকে বিদায়ঘণ্টা বেজে যেতে পারে বার্সেলোনার!
