স্পোর্টস রিপোর্টার
স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভাগ্য পরিবর্তন করতে মরিয়া পাকিস্তান। এই লক্ষ্য নিয়ে আজ শনিবার সেন্ট জর্জ পার্কে প্রথম ম্যাচ দিয়ে পাঁচ ওয়ানডে সিরিজ শুরু করবে সফরকারী পাকিস্তান। সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজে লজ্জাজনকভাবে পরাজিত হয়েছে সফরকারীরা। তিন ম্যাচ সিরিজে কোনো টেস্টেই চতুর্থ দিন মধ্যাহ্ন বিরতি পর্যন্ত যেতে পারেনি উপমহাদেশের দলটি। তবে শর্ট পিচ বোলিং নিয়ামক না হওয়ায় ৫০ ওভার ফর্মেটে তাদের আশাবাদী হওয়ার যথেষ্ট কারণ আছে। চলতি বছরের মাঝামাঝিতে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের আগে এ সিরিজটি উভয় দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাকিস্তান কোচ মিকি আর্থার বলেন,‘টেস্টের তুলনায় ওয়ানডেতে নিঃসন্দেহে আমরা অনেক ভালো দল’।
২০১৭ সালে ইংল্যান্ডের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয় করে ওয়ানডে ক্রিকেটে নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে পাকিস্তান। টুর্নামেন্টে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করেছিল পাকিস্তান। সেই থেকে শুরু করে ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানের জয়ের রেকর্ড ১৭-১০। গতবছরের শেষদিকে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেয়া মোহাম্মদ হাফিজ ও শোয়েব মালিকের অন্তর্ভুক্তিতে পাকিস্তানের ব্যাটিং লাইন আপ শক্তিশালী হবে। তাছাড়া দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন দুই স্পিনার শাদাব খান ও ইমাদ ওয়াসিম। দলে আছে আক্রমণাত্মক ব্যাটসম্যান ফখনর জামান। শর্ট বলে নড়বড়ে বাঁ-হাতি এই ওপেনার টেস্ট সিরিজে চার ইনিংসে মাত্র ৩২ রান করলেও ওয়ানডে ক্রিকেটে তার স্কোরিং সক্ষমতা অতুলনীয়। ৫০ ওভার ফর্মেটে ৫৭ দশমিক ৯৫ গড়ে তার রান সংখ্যা ১২৭৫।
চার স্পেশালিস্ট বোলার নিয়ে নিজেদের বিশ্বকাপ পরিকল্পনা সাজিয়েছে দক্ষিণ আফ্রিকা। তবে গুরুত্বপূর্ণ ব্যাটিং অর্ডারে সাত নম্বরে এখনো একজন ব্যাটিং অলরাউন্ডার ঠিক করতে পারেনি। তারা কেবলমাত্র সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে। যেখানে ফাস্ট বোলার ডেল স্টেইন ও উইকেটরক্ষক কুইন্টন ডি কককে বিশ্রাম দেয়া হয়েছে। এমন পরিবর্তনে নিজকে প্রমাণের আরেকটা সুযোগ পাচ্ছে ওপেনিং ব্যাটসম্যান আইডেন মাকরাম। কেননা এ ফর্মেটে এখনো নিজকে প্রমাণ করতে পারেননি তিনি। এছাড়া টেস্ট সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ার পুরস্কার হিসেবে ওয়ানডেতে ডাক পেয়েছেন ফাস্ট বোলার ডুয়াইন অলিভার।
দক্ষিণ আফ্রিকায় সবচেয়ে মন্থরগতির পিচ পোর্ট এলিজাবেথ, যা সফরকারীদের জন্য সহায়ক হবে। এ মাঠেই তাদের সর্বশেষ ২০১৩ সালের নভেম্বরে ওয়ানডে সিরিজ জিতেছিল সফরকারী পাকিস্তান। যা ছিল দক্ষিণ আফ্রিকার মাটিতে উপমহাদেশের দলটির একমাত্র ওয়ানডে সিরিজ জয়।
