দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখবেন শেখ হাসিনা
বিশেষ প্রতিনিধি
একাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়েছে আওয়ামী লীগ। ৩০ ডিসেম্বর নির্বাচনের ফল পাওয়া গেলেও কোনো বিজয় উত্সব এমনকি আনন্দ মিছিলও করেনি দলটি। তবে এবার অনেকটা ঘটা করে বিজয় উদযাপন করতে চান দলের নেতাকর্মীরা। আজ শনিবার দুপুরে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় সমাবেশ কর্মসূচি পালন করবে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী এ দলটি। বিজয় উত্সবকে স্মরণীয় করে রাখার মধ্যদিয়ে তারা হ্যাটট্রিক বিজয় আনুষ্ঠানিকভাবে পালন করবে ক্ষমতাসীনরা। তাই বিজয় সমাবেশকে জনসমুদ্রে পরিণত করার টার্গেট নেওয়া হয়েছে। এ জন্য প্রস্তুতি ব্যাপক। আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার আদলে তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। মাঠের ভিতরে ছোট-বড় ৫০-এর অধিক নৌকা ও বৈঠাসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ছবি সম্বলিত ফেস্টুনে সুসজ্জিত করা হয়েছে।
দুপুর আড়াইটায় এই বিজয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে আওয়ামী লীগ সভানেত্রীর হাতে তুলে দেওয়া হবে ‘বিশেষ স্মারক’। সেই সঙ্গে তাকে নতুন উপাধিতেও ভূষিত করতে পারেন দলের নেতাকর্মীরা। সমাবেশে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখবেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সমাবেশস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, বিশাল একটা বিজয়ের সাথে বিশাল একটা দায়িত্ব আমাদের আছে। সেই দায়িত্ববোধ থেকেই আমাদের নেত্রী আজ জনগণের উদ্দেশে, আমাদের নেতাকর্মীদের উদ্দেশে, আমাদের দায়িত্ববোধের কথা স্মরণ করিয়ে দেবেন। এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, মাদক, সন্ত্রাসের মতো বিষয়ে নেতাকর্মীসহ সবাইকে হুঁশিয়ার করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া ২১শ’ সালের উন্নয়ন পরিকল্পনাও তুলে ধরবেন প্রধানমন্ত্রী।’
জানা গেছে, জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজের গানে গানে বিজয় সমাবেশের মঞ্চে উপস্থিত হবেন টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করা আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর নির্বাচনে সাড়া জাগানো ‘জিতবে আবার নৌকা’ গানের শিল্পীদের পরিবেশনা। সংগীত শিল্পীদের পরিবেশনা শেষে নেতাদের বক্তব্য শেষে জনগণসহ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বিজয় বার্তা দেবেন শেখ হাসিনা। এছাড়া মূল বিজয় মঞ্চের সামনে আরেকটি মঞ্চ করা হয়েছে। এতে গান পরিবেশন করবেন শিল্পী মমতাজ বেগম ছাড়াও আঁখী আলমগীর, রফিকুল আলম, ফাহমিদা নবী, কল্পনা মজুমদার, জলের গান এবং ‘জিতবে আবার নৌকা’ গানের শিল্পীরা। এরপর দলের নেতারা বক্তব্য রাখবেন। গতকাল সোহরাওয়ার্দী উদ্যানে জনসভাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেন, আজকের সমাবেশ শপথ নেওয়ার সমাবেশ। যুবলীগ চেয়ারম্যান বলেন, ‘৩০ ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগ বিপুল বিজয় অর্জন করেছে। সেটার পিছনে মূল কারণ হলো রাষ্ট্রনায়ক শেখ হাসিনার জনগণের ক্ষমতায়ন দর্শন। তিনি জনগণের কল্যাণে, জনগণের জন্য নিজের জীবন উত্সর্গ করেছেন এবং ১০ বছরের শাসনামলে আওয়ামী লীগ জনকল্যাণে যে ঐতিহাসিক বিপ্লব করেছে, তার পক্ষে এদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে রায় দিয়েছে।
৫২ হাজার লাল-সবুজের পতাকা উড়াবে যুবলীগ
দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগের যে কোনো সভা-সমাবেশে ভিন্ন মাত্রা এনে দেয় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ। বিজয় উত্সবে ভিন্নমাত্রা দিতে লাল-সবুজের পতাকা ও লাল ফিতা হাতে নিয়ে মাঠে থাকবে সংগঠনের ৫২ হাজার নেতাকর্মী। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট জানান, প্রত্যেক ওয়ার্ড থেকে ৭০০ নেতাকর্মী লাল-সবুজের গেঞ্জি পরিহিত হয়ে মিছিল নিয়ে নির্ধারিত সময়ের আগেই সোহরাওয়ার্দী উদ্যানে আজ উপস্থিত হবেন। তাদের হাতে জাতীয় ও দলীয় পতাকা এবং লাল ফিতা থাকবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন বক্তৃতা করবেন পতাকা নেড়ে তাকে স্বাগত জানানো হবে।
