মেলান্দহে সাংবাদিক আমানুল্লাহ কবিরের দাফন সম্পন্ন

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৯, ২২:৩০

মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা 

বিডি নিউজ ২৪ডটকমের জ্যেষ্ঠ সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সাবেক সদস্য আমানুল্লাহ কবিরকে গত বৃহস্পতিবার সকাল ১১টায় মেলান্দহের নিজ বাড়ি রেখিরপাড়ায় দাফন করা হয়েছে। তিনি গত ১৫ জানুয়ারি বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন।

গ্রামের বাড়িতে শেষ জানাজাকালে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বক্তব্য রাখেন সাবেক কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদের মহাসচিব ও আমানুল্লাহ কবিরের ভাই নঈম জাহাঙ্গীর, সাবেক স্বাস্থ্য উপ-মন্ত্রী, মুক্তিযোদ্ধা সিরাজুল হক, সাবেক জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সরকার আ. সালাম বকুল, সাবেক জামালপুর পৌর মেয়র অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন, সাবেক মেলান্দহ পৌর মেয়র হাজী দিদার পাশা, সাংবাদিক নেতা আলহাজ নূরুল আলম সিদ্দিকী, মেলান্দহ বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার কামরুজ্জামান প্রমুখ।

আমানুল্লাহ কবির জামালপুরের মেলান্দহ উপজেলার ৮নং ফুলকোচা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মরহুম বছির উদ্দিন মাস্টারের ছেলে। তিনি ১৯৪৭ সালের ২৪ জানুয়ারি জন্মগ্রহণ করেন। ১৯৬২ সালে আমানুল্লাহ কবির হাজরাবাড়ি হাই স্কুল থেকে মেট্রিক পাস করেন। রংপুর কারমাইকেল কলেজ থেকে আইএ পাস করেন। ১৯৬৯ সালে দৈনিক পয়গাম পত্রিকায় সাংবাদিকতা শুরু করেন। দেশ স্বাধীনের পর তিনি দ্য পিপল্ পত্রিকায় যোগদান করেন। পরবর্তীতে বাংলাদেশ টাইমস, দ্য নিউ নেশন ও দ্য ডেইলি স্টার পত্রিকায় বার্তা সম্পাদক, দ্য টেলিগ্রাফের নির্বাহী সম্পাদক, দ্য ডেইলি ইন্ডিপেন্ডেন্টের সম্পাদক, দ্য হলি ডেসহ আমার দেশ পত্রিকার সম্পাদক ছিলেন।