দ্বিতীয় ভ্যাকসিন হিসেবে মডার্নাকে অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র 

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২০, ১০:১৯

করোনা ভাইরাসের দ্বিতীয় ভ্যাকসিন হিসেবে যুক্তরাষ্ট্রে অনুমোদন পেয়েছে  মার্কিন ওষুধ কোম্পানি  মডার্নার উদ্ভাবিত ভ্যাকসিন। ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন অনুমোদনের এক সপ্তাহের মাথায়  এই ভ্যাকসিনটি অনুমোদন পেলো।

 যুক্তরাষ্ট্র মডার্নার সঙ্গে ২০ কোটি ডোজ ভ্যাকসিন কেনার চুক্তি করেছে। জানা গেছে, ইতিমধ্যেই ৬০ লাখ ডোজ পরিবহনের জন্য প্রস্তুত রয়েছে কোম্পানিটি।

মডার্নার ভ্যাকসিন অনুমোদন পাওয়ার পর  উচ্ছ্বাস প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একটি টুইট বার্তায় তিনি লিখেছেন, অভিনন্দন, মডার্নার ভ্যাকসিন এখন পাওয়া যাচ্ছে।

 করোনায় বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ লাখ ১১ হাজারের বেশি মানুষ। এছাড়া যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ১ কোটি ৭২ লাখের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। 

ইত্তেফাক/এআর