লন্ডনে বিজয় দিবস উদযাপিত

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২০, ১৩:০৪

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন বিজয় দিবস উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করেছে। সেখানে উপস্থিত ছিলেন ব্রিটিশ পার্লামেন্টের সদস্য, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তা, অন্যান্য রাষ্ট্রের হাই কমিশনারসহ আরো অনেকে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেছেন যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার সাঈদা মুনা তাসনিম।

এসময় তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণ করেছেন। তিনি বলেন, ১৯৭১ সালে বঙ্গবন্ধু ও শহীদ মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন এবং সার্বভৌম বাংলাদেশ উপহার পেয়েছে আমাদের প্রজন্ম। বঙ্গবন্ধু যে স্বপ্ন নিয়ে এদেশ স্বাধীন করেছে সে স্বপ্ন বাস্তবায়নে আমাদের কাজ করে যেতে হবে। করোনা কালেও বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নেতৃত্বগুণে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বাংলাদেশ তার অধীনে অবিশ্বাস্য সাফল্য অর্জন করেছে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, যুক্তরাজ্যের অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপের (এপিপিজি) চেয়ারম্যান রুশানারা আলি এমপি, এপিপিজি'র ভাইস চেয়ারম্যান বব ব্ল্যাকম্যান এমপি, যুক্তরাজ্যে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার মিসেস গায়েত্রি ইসার কুমার, ভুটানের রাষ্ট্রদূত, ইউকে ফরেন, কমনওয়েলথ ও ডেভেলপমেন্ট অফিসের (ইউকেএফসিডিও) এর দক্ষিণ এশিয়া ও আফগানিস্তান বিষয়ক পরিচালক গেরেথ বেইলি, মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে নিযুক্ত অক্সফামের বিশেষ প্রতিনিধি জুলিয়ান ফ্রান্সিস, যুক্তরাজ্যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সুলতান মাহমুদ শরীফ, ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধি সৈয়দ সাজিদুর রহমান ফারুক ও বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন।

ইত্তেফাক/টিআর