‘নারীদের বাদ দিয়ে সরকার লক্ষ্যে পৌছাতে ব্যর্থ হবে’

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২০, ১৭:২৪

‘২০৩১ সালে উচ্চ মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে সমৃদ্ধশালী দেশের পৌঁছানোর লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। সেই সঙ্গে তিনি বলেন, বাংলাদেশ সমৃদ্ধশালী দেশে পৌছাতে হলে নারীদের সাথে নিয়েই কাজ করতে হবে। কারণ আমাদের জনগোষ্ঠীর অর্ধেকই নারী, নারীদের বাদ দিয়ে আমাদের সরকার লক্ষ্যে পৌছাতে ব্যর্থ হবো।'

শনিবার (১৯ ডিসেম্বর) সকাল ১১ টায় বরিশাল নগরীর হোটেল গ্র্যান্ড পার্কে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক বিভাগীয় সংলাপ ও তৃণমূল পর্যায়ে অপরাজিতাদের সাথে সংসদ সদস্যবৃন্দদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক এসব কথা বলেন।

তিনি আরো বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নারীদের রাজনৈতিক ক্ষমতায়নের জন্য কাজ করে যাচ্ছেন। আপনারা তাকিয়ে যদি দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমাদের বিরোধী দলীয় নেত্রী, আমাদের স্পিকার, শিক্ষামন্ত্রী নারী। প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী, ৫০ জন সংরক্ষিতসহ ৭২ সংসদ সদস্য রয়েছেন নারী। তবে কোন কিছু রাতারাতি হবে না, সময় সাপেক্ষে সবকিছুই হবে। '

নারীদের অগ্রগতির তুলনা করে জাহিদ ফারুক বলেন, 'দশ বছর আগেও নারীরা পিছিয়ে ছিলেন, কিন্তু এখন সেই অবস্থা নেই। প্রধানমন্ত্রী বিভিন্ন কর্মক্ষেত্রের মাধ্যমে নারীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করে নিচ্ছেন, যাতে করে ৩৩% এর নির্ধারিত কোটাগুলো পূরণ সম্ভব হয়। আজ সেনাবাহিনী, নৌ-বাহিনী, এয়ারফোর্স, পুলিশে নারীরা রয়েছেন। একটি জেলায় উপজেলা পর্যায়ে আজ নারীরা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে আছেন। টাঙ্গাইলে গিয়ে দেখি ৫ উপজেলায় ৫ জনেই নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা। যা দেখে আমি আশ্চর্য হয়ে গেছি। প্রাথমিক বিদ্যালয়ের সব জায়গাতেই নারী শিক্ষক। অনেক বিদ্যালয়ে তো পুরুষ শিক্ষকতো পাওয়াই যায় না।'

প্রতিমন্ত্রী বলেন, 'সংসদ শেষ হওয়ার পরে দেখি, নারী সাংসদরা যেভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে ঘিরে দাঁড়িয়ে যায়। তা কিন্তু আমরা পুরুষ সদস্যরা পারি না। এতে নারী সাংসদরা আরো উৎসাহিত হন। পৃথিবীর অন্যান্য দেশের থেকে আমরা বাংলাদেশ অনেক এগিয়ে আছি। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দক্ষিণ এশিয়ায় আমরা প্রথম আছি এবং পৃথিবীর বুকে পঞ্চম স্থানে আছি নারীর রাজনৈতিক ক্ষমতায়নের বিষয়ে। তাই এটা বলা যাবে না পিছিয়ে আছেন। আপনারা নারীরা ভালোভাবেই অগ্রসর হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা গড়ার লক্ষ্যে পৌছাতে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে।'

বরিশালের বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম, অধ্যাপিকা শাহ্ শাজেদা, বাংলাদেশ মহিলা পরিষদ বরিশালের সভাপতি রাবেয়া খাতুন প্রমুখ।

ইত্তেফাক/এসআই