মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আশরাফুন্নেছা আর নেই

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৯, ২২:৩১

বিশেষ প্রতিনিধি

মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য ও  মুক্তিযোদ্ধা আশরাফুন্নেছা মোশাররফ (৭৪) আর নেই। গতকাল রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি দীর্ঘদিন কিডনি রোগে ভুগছিলেন। তিনি তিন ছেলে, চার মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ী রেখে যান। বাদ জুমা মিরপুর শাহ আলী মসজিদ, বাদ আছর সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, মিরপুর মাজার মসজিদে তার জানাজা হয়। বাদ মাগরিব মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তার প্রয়াত স্বামীর কবরে তাকে দাফন করা হয়।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আশরাফুন্নেছার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় প্রধানমন্ত্রী তার আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। আলাদা শোকবার্তায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও আশরাফুন্নেছার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। আশরাফুন্নেছার স্বামী সাবেক সংসদ সদস্য ও গণপরিষদ সদস্য মুক্তিযোদ্ধা প্রয়াত ডা. মোশাররফ হোসেন। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি মুজিবনগর সরকারের স্বাস্থ্য পরিচালক ছিলেন।