সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশনে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২০ উদযাপিত হয়েছে। শুক্রবার (১৮ ডিসেম্বর) হাইকমিশনের উদ্যোগে ‘মুজিববর্ষের আহ্বান-দক্ষ হয়ে বিদেশ যান’ প্রতিপাদ্য নিয়ে দিবসটি উদযাপন করা হয়।
‘মুজিববর্ষের আহ্বান-দক্ষ হয়ে বিদেশ যান’ শীর্ষক আলোচনাসভায় সিঙ্গাপুরে নিযুক্ত হাইকমিশনার মো. তৌহিদুল ইসলাম বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান, প্রবাসীদের কল্যাণে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপ এবং দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
কাউন্সিলর (শ্রম) মো. আতাউর রহমান তার বক্তব্যে দিবসটির প্রতিপাদ্য বিষয়, কোভিড-১৯ মহামারিজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় অভিবাসী কর্মীদের করণীয়, বৈধপথে রেমিট্যান্স প্রেরণ, নিরাপদ অভিবাসন, সুষ্ঠু কর্মপরিবেশ ও শ্রম কল্যাণে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরেন।
আরো পড়ুন: ৯ ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক
অভিবাসী কর্মীদের দক্ষতা বৃদ্ধির বিষয়ে বক্তব্য রাখেন-সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির সভাপতি হাফিজুর রহমান। অনুষ্ঠানে হাইকমিশনের কর্মকর্তাবৃন্দ,আমন্ত্রিত অতিথিবৃন্দ ও সিঙ্গাপুরে কর্মরত উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি অভিবাসী কর্মী অংশগ্রহণ করেন।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী প্রদত্ত বাণী পাঠ করা হয়। অনুষ্ঠানে কোভিড-১৯ মহামারিজনিত কারণে গৃহীত সর্তকতা, অভিবাসী কর্মীদের অধিকার ও দায়িত্ব, দক্ষতা বৃদ্ধি এবং সচেতনতামূলক লিফলেট, টি-শাট ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।
ইত্তেফাক/এএএম
