সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের আদালত প্রাঙ্গণ থেকে পালিয়ে যাওয়া স্ত্রী হত্যা মামলার আসামি ইকবাল হোসেনকে সিলেট শহর থেকে গ্রেফতারের পর গতকাল শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ইকবাল হোসেন জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উস্তেংগের গ্রামের রমজান আলীর ছেলে। শুক্রবার সন্ধ্যায় সুনামগঞ্জ সদর থানার পুলিশ তাকে সিলেট শহরের লাল দীঘিপাড় এলাকা থেকে গ্রেফতার করে। পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া এবং স্ত্রী হত্যা মামলাসহ দুটি মামলার আসামি হিসেবে ইকবাল হোসেনকে শনিবার সুনামগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেলাল আহমদের আদালতে সোপর্দ করা হয়। সুনামগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আশেক সুজা মামুন বলেন, ইকবাল হোসেনকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
