তারেক রহমানকে দেশে এনে রায় কার্যকর করা হবে :আইনমন্ত্রী

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৯, ২৩:১২

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, মানুষের টাকা চুরি করে পাচার করা তারেক রহমানকে বিদেশ থেকে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করা হবে। গতকাল শুক্রবার বিকালে আখাউড়া উপজেলা পরিষদ মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বিএনপিকে ইঙ্গিত করে আইনমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর দেশে আল বদর, রাজাকার এবং খুনিদের শুধু রক্ষা করে নাই তারা, সরকারের অংশীদারিত্ব দিয়েছে। তাদের বাংলাদেশ ধ্বংস করার জন্য লেলিয়ে দিয়েছে। বাংলাদেশকে গরিব থেকে গরিবতর বানিয়েছে এবং শেষ পর্যন্ত পরিচিত করেছে বাংলাদেশ একটা ব্যর্থ রাষ্ট্র্র। তারা যখন দেখল জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নত হচ্ছে তখন ষড়যন্ত্র করা শুরু করল তারা। তারা প্রথমে চেষ্টা করল জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করা। ১৯ বার শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছিল। আল্লাহ শেখ হাসিনাকে রক্ষা করেছেন। যখন তারা দেখল শেখ হাসিনাকে হত্যা করা যাবে না, তখন তারা ভাবলেন নির্বাচনে যাবেন। তাদের নেত্রী এতিমের টাকা চুরি করেছে। এতিমের টাকা চুরির কারণে তার ৫ বছরের সাজা হয়েছে। ট্রাস্টের টাকা চুরির দায়ে ৭ বছরের জেল হয়েছে। উনার ছেলে (তারেক রহমান) ২২ জনকে হত্যা করার ষড়যন্ত্রের কারণে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত, টাকা পাচারের দায়ে ৭ বছরের সাজাপ্রাপ্ত।

ড. কামাল হোসেনের সমালোচনা করে মন্ত্রী বলেন, তিনি প্রেসক্লাবে বসে সংবাদ সম্মেলন করেন। আর খবরের কাগজের শিরোনাম হন। অথচ জনগণের কাছে আসেন না। শেষ পর্যন্ত তিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করলেন। ক্ষমতায় যাওয়ার আগেই সাংবাদিক ভাইদের বললেন খামোশ। পুলিশকে গালি দিলেন। কাকে কী বলবেন বুঝে উঠতে পারেননি। জনগণ যখন তাদের ভোটের মাধ্যমে প্রত্যাখ্যান করল তখন তিনি বললেন জামায়াতকে নিয়ে নির্বাচন করা আমার ভুল হয়েছে।

আগামী ৬ ফেব্রুয়ারি ঐক্যফ্রন্টের রাজনৈতিক সংলাপ সম্পর্কে মন্ত্রী বলেন, যাদের জনগণ ভোট দেয় নাই তারা কার সঙ্গে সংলাপ করবেন? যারা জনগণকে মানুষ বলে মনে করে না, যারা সোফায় বসে যা খুশি তাই করবে আর জনগণ মেনে নেবে তা হবে না। তাদের আর সেই সুযোগ দেওয়া হবে না।

আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম ভূইয়া, মো. সেলিম ভূইয়া, কসবা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুল কাউসার ভূইয়া জীবন, আখাউড়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মুরাদ হোসেন ভূইয়া, সাবেক মেয়র মো. নূরুল হক ভূইয়া, আওয়ামী লীগ নেতা ও মনির হোসেন চেয়ারম্যান, জালাল উদ্দিন চেয়ারম্যান, যুবলীগ নেতা আল-আমিন মোল্লা, উপজেলা ছাত্রলীগ সভাপতি শাহাবুদ্দিন বেগ শাবলু, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন প্রমুখ।