দেশে নতুন উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জ সহজে অতিক্রমের জন্য সরকারের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। দেশে অধিকহারে কর্মসংস্থান নিশ্চিত করার পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা বাড়ানোর লক্ষ্যে উদ্যোক্তা সংক্রান্ত কার্যক্রম সহজীকরণে ও দেখভালের লক্ষ্যে স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠা এবং জাতীয়ভাবে উদ্যোক্তা দিবস পালনেরও পরমর্শ দিয়েছেন তারা। গতকাল শুক্রবার রাজধানীর ইস্কাটনে ঢাকা স্কুল অব ইকোনমিক্সের এন্টারপ্রেণারশিপ ক্লাবের উদ্যোগে উদ্যোক্তা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
দুই দিনব্যাপী ওই সম্মেলনের উদ্বোধন করেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর আব্দুল মান্নান চৌধুরী।
উদ্যোক্তা প্রতিষ্ঠানের পণ্য ও সেবার প্রদর্শনী এবং নতুন নতুন উদ্ভাবনী উদ্যোগ নিয়ে আলোচনা হয়। এ সময় ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ তরুণ উদ্যোক্তারা তাদের নতুন নতুন ব্যবসায়িক আইডিয়া তুলে ধরেন।
সম্মেলনের প্রথম দিন গতকাল দিনব্যাপী বিভিন্ন অধিবেশনে বক্তারা বাংলাদেশে উদ্যোক্তাদের বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনার কথা তুলে ধরেন। এসব আলোচনায় প্রতিষ্ঠিত উদ্যোক্তা, ব্যাংকার ও অর্থনীতিবিদরা তাদের মতামত তুলে ধরেন। তরুণ উদ্যোক্তা ও কাজী পেপার কাপ (কেপিসি) কোম্পানির প্রতিষ্ঠাতা কাজী সাজেদুর রহমান বলেন, একটি ব্যবসা শুরু করতে হলে কমপক্ষে ১৩টি ধাপ পার হতে হয়। এসব জায়গায় উদ্যোক্তারা প্রত্যাশিত সহযোগিতা পান না। এমনকি নতুন উদ্যোক্তাদের জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোও কাঙ্ক্ষিত সহযোগিতা করতে চায় না। তিনি বলেন, তার প্রতিষ্ঠানের কাঁচামাল ও অন্যান্য উপকরণ আমদানিতে বর্তমানে ৬১ শতাংশ শুল্ক পরিশোধ করতে হচ্ছে। অথচ প্রতিবেশী অন্য দেশগুলোতে এই শুল্ক নামমাত্র। দীর্ঘদিন ধরে আলোচনা করলেও এ বিষয়ে কোনো সমাধান আসেনি। এসব চ্যালেঞ্জ মাড়িয়ে প্রতিষ্ঠান দাঁড় করার পর এখন বিদেশ থেকে মিথ্যা ঘোষণায় (কম মূল্য দেখিয়ে) পণ্য আমদানি হয়ে দেশের বাজার সয়লাব হয়ে যাচ্ছে। ফলে তার মতো দেশীয় উদ্যোক্তারা মার খাচ্ছেন। এক্ষেত্রে তদারককারী প্রতিষ্ঠান রাজস্ব বোর্ড এবং সংশ্লিষ্ট শুল্ক অফিসগুলোর কাছ থেকে কাঙ্ক্ষিত সহযোগিতা পাচ্ছেন না বলেও অভিযোগ করেন তিনি।
অনুষ্ঠানের সভাপতি ও ঢাকা স্কুল অব ইকোনমিক্সের উদ্যোক্তা অর্থনীতি বিভাগের সমন্বয়কারী প্রফেসর ড. মুহম্মদ মাহবুব আলী বলেন, উদ্যোক্তা বিষয়ে সংশ্লিষ্টদের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে জাতীয়ভাবে উদ্যোক্তা দিবস ঘোষণা করা ও তা যথাযথ মর্যাদার সঙ্গে পালন করা প্রয়োজন। একই সঙ্গে উদ্যোক্তাদের চ্যালেঞ্জগুলো সমাধানের লক্ষ্যে উদ্যোক্তা বিষয়ে আলাদা মন্ত্রণালয় প্রতিষ্ঠারও পরামর্শ দেন তিনি। তিনি বলেন, ক্ষুদ্র সঞ্চয়কে ক্ষুদ্র বিনিয়োগে আনতে হলে পৃথক নিয়ন্ত্রক সংস্থার আওতায় দেশের প্রত্যন্ত অঞ্চলে কমিউনিটি ব্যাংক স্থাপন করতে হবে। কিছু বাণিজ্যিক ব্যাংকের প্রধান কার্যালয় রাজধানীর বাইরে স্থানান্তর করতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি যুক্তরাষ্ট্রের মর্গান স্টেট ইউনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক ড. ফরিদুল ইসলাম বলেন, উদ্যোক্তাদের জন্য অর্থায়ন একটি বড় বাধা। কিন্তু সংকল্প ও দৃঢ়তা থাকলে তা উের যাওয়া সম্ভব।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আলী হোসেইন প্রধানিয়া, ডিএসসিইর সহকারী অধ্যাপক রেহানা পারভীন, হোপ ফর দি পুওরেস্ট এর নির্বাহী পরিচালক মহিউল কাদির।
