শেখ হাসিনাকে চোখের মণির মত রক্ষা করবে ১৪ দল :নাসিম

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৯, ২৩:১৩

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ১৪ দলের অবস্থান তুলে ধরে বলেছেন, এখন থেকে ১৪ দল তিনটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে। দায়িত্বগুলো হলো- (১) মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে চোখের মনির মতো রক্ষা, (২) সরকার পরিচালনায় কোনও ত্রুটি-বিচ্যুতি হলে তা ধরিয়ে দিয়ে সতর্ক করা এবং (৩) পরাজিত অশুভ শক্তি কোনও চক্রান্ত করলে জনগণকে সঙ্গে নিয়ে তা মোকাবেলা করা।

গতকাল শুক্রবার ইত্তেফাককে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। মোহাম্মদ নাসিম বলেন, ১৪ দলের এই অবস্থানের কথা আমি গত বুধবার ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি অনুষ্ঠানে জোট শরিক নেতা রাশেদ খান মেনন, দিলীপ বড়ুয়াসহ অনেক নেতার সামনে তুলে ধরেছিলাম। এর মধ্য দিয়ে ১৪ দলের অবস্থান স্পষ্ট হয়ে গেছে। কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র বলেন, ‘সংসদে বিএনপির খুবই ক্ষুদ্র অংশ অংশগ্রহণের সুযোগ পেয়েছে। জাপাও সংসদে ভালো ভূমিকা রাখতে পারছে না। সেজন্য আমরা চাই, অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান যারা ১৪ দলীয় জোট শরিকদের মধ্যে আছেন, তারা সংসদের  ভেতরে ও বাইরে কার্যকর ভূমিকা রাখতে পারেন। সরকারের যেকোনো অর্জন তুলে ধরার পাশাপাশি গঠনমূলক সমালোচনাও করতে পারবেন। এটিই হয়তো ওবায়দুল কাদের সাহেব বলতে চেয়েছেন।’

মোহাম্মদ নাসিম বলেন, ১৪ দল একটি আদর্শিক রাজনৈতিক জোট। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে এই জোট দীর্ঘদিন ধরে মাঠে-ঘাটে কাজ করছে। শেখ হাসিনার প্রতি অকুণ্ঠ সমর্থন সব সময় দিয়ে আসছে। ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে। মোহাম্মদ নাসিম বলেন, ১৪ দলীয় জোট আমাদের দুঃসময়ের বন্ধু। যেহেতু ১৪ দলের বেশ কয়েকজন নেতা নৌকা প্রতীকে জয়লাভ করেছেন, তাই টেকনিক্যাল কারণে সংসদে আনুষ্ঠানিকভাবে বিরোধী দলের আসনে বসতে পারেন না তারা। আর বসলে ফ্লোর ক্রসিংয়ের আওতায় পড়তে পারেন। এটা আমাদের চিন্তা করতে হবে। মোহাম্মদ নাসিম বলেন, এদেশ রাজাকারমুক্ত হবে। রাজনীতিতে দুটি পক্ষই থাকবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি।