মন্তব্য করতে চান না সিইসি

আইনের মধ্যে থেকে দায়িত্ব পালন করেছি :ইসি রফিক

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২০, ২৩:১৭

বর্তমান নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাষ্ট্রপতির কাছে বিশিষ্ট ৪২ জন নাগরিকের ‘গুরুতর অসদাচরণের’ অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করতে চান না প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। এ বিষয়ে জানতে চাইলে সিইসি ইত্তেফাককে বলেন, বিষয়টি সম্পর্কে আমি কিছুই জানি না। কোনো কিছু সম্পর্কে বিস্তারিত না জেনে মন্তব্য করা ঠিক না। এরপর নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘তারা মহামান্য রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন, ফলে রাষ্ট্রপতিই সিদ্ধান্ত নেবেন তিনি কি করবেন। তিনি যেটা ভালো মনে করবেন সেটাই করবেন। অবশ্যই আমরা আইনের মধ্যে থেকে দায়িত্ব পালন করেছি।’

মো. রফিকুল ইসলাম আরো বলেন, অভিযোগ তো পুরো কমিশনের বিরুদ্ধে। নির্দিষ্টভাবে কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়। ফলে আমার একার বক্তব্য কমিশনের বক্তব্য নয়। তবে উনারা কী বললেন, না বললেন, তা নিয়ে আমাদের ব্যথা নেই। উনারা অভিযোগ করতেই পারেন-সেটা তাদের বিষয়। অভিযোগ তদন্ত না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, শপথ নিয়েছি দায়িত্ব পালন করার জন্য। উনাদের কথায় কেন কাজ করা বন্ধ করব। তিনি বলেন, কেউ বা কারা এজেন্ডা নিয়ে নামলে তা ভিন্ন বিষয়। নির্বাচন কমিশনে অনিয়ম হলে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে।