বড় দুর্ঘটনায় প্রাণে রক্ষা পেলেন ব্রিটিশ প্রিন্স ফিলিপ

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৯, ২৩:১৫

বড় ধরনের দুর্ঘটনা থেকে প্রাণে রক্ষা পেলেন ব্রিটিশ প্রিন্স ফিলিপি যিনি রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী। বৃহস্পতিবার ইংল্যান্ডের নরফোক কাউন্টির রাস্তায় দুর্ঘটনার মুখে পড়েন প্রিন্স ফিলিপ। বর্তমানে তিনি সুস্থ আছেন বলে রাজপ্রাসাদের কর্মকর্তারা জানিয়েছেন। তবে তাকে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হতে পারে। যদিও আইন অনুযায়ী তার লাইসেন্স আদালতে জমা নেওয়া হবে না। খবর ডেইলি মেইল অনলাইনের

ব্রিটিশ রাজপ্রাসাদের কর্মকর্তা ব্যারিস্টার রয় অর্নে জানিয়েছেন, ৯৭ বছর বয়সী প্রিন্স ফিলিপকে তার ল্যান্ড রোভার গাড়ির ছাদ ভেঙে বের করা হয়। স্থানীয় সময় বৃহস্পতিবার দুুপুর পৌনে তিনটার দিকে সান্দ্রিংহাম এস্টেটের রাস্তায় প্রিন্স ফিলিপের গাড়িটি দুর্ঘটনায় পড়ে। তার গাড়ির সঙ্গে সংঘর্ষ হওয়া কিয়া গাড়িটির তিনজন আহত হয়েছেন। এদের মধ্যে ২৮ বছর এবং ৪৫ বছর বয়সী দুই নারী রয়েছেন। তারা দুইজন সামান্য আহত হলেও তাদের নয় মাস বয়সী শিশু অক্ষত আছে। আহতদের প্রাথমিক   চিকিত্সা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, ঘটনার আকস্মিকতায় ফিলিপকে উদ্বিগ্ন দেখাচ্ছিল। ডিউক অব এডিনবরা সেসময় কাঁপছিলেন বলেও প্রত্যক্ষদর্শীরা জানান। ফিলিপকে পরে সান্দ্রিংহাম এস্টেটে নিয়ে যাওয়া হয়, সেখানে ব্যক্তিগত চিকিত্সকরা তাকে পরীক্ষা-নিরীক্ষা করেন। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় কী ধরনের ভূমিকা ছিল সেই সম্পর্কে প্রিন্স ফিলিপকে জিজ্ঞাসাবাদ করা হবে। তবে আইন অনুযায়ী তাকে আদালতের কাছে ড্রাইভিং লাইসেন্স জমা দিতে হবে না। পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, দুর্ঘটনার সঠিক তদন্ত করা হবে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। রাজপ্রাসাদের খোঁজখবর রাখেন এমন ব্যক্তি ইনগ্রিদ সিউয়ার্ড বলেন, রানি দ্বিতীয় এলিজাবেথ তার স্বামীকে নিয়ে চরম উদ্বিগ্ন। সমপ্রতি ফিলিপের ছেলে প্রিন্স চার্লস তার বৃদ্ধ বাবা গাড়ি চালানো উপযুক্ত কিনা সেই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।