লিওনেল মেসি পেলের অনন্য রেকর্ডের দুয়ারে ছিলেন বহুদিন ধরেই। ফরমটা সঙ্গ দিচ্ছিল না, এই যা। তবে ভ্যালেন্সিয়ার বিপক্ষে সে ফরমটা কথা বলল ছয় বারের ব্যালন ডিঅর জয়ীর পক্ষে। তাতে গোলের মুখ দেখলেন। সান্তোসের হয়ে ৬৪৩ গোলের যে রেকর্ড গড়েছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে, সে রেকর্ডটাও ছোঁয়া হয়ে গেলো অবলীলায়।
পেলের রেকর্ডটা যে মেসিই স্পর্শ করবেন সেটা চলতি ২০২০-২১ মৌসুমের শুরু থেকেই অবধারিত ছিল। শুধু অপেক্ষা ছিল নিশ্চিত হওয়ার। সেটাও হলো গতকাল শনিবার রাতে লা লিগায় অন্যতম প্রিয় প্রতিপক্ষ ভ্যালেন্সিয়ার বিপক্ষে। রেকর্ড ভাঙার জন্যে মেসি বেছে নিলেন সেই ভ্যালেন্সিয়াকেই।
তবে পেলের এই কীর্তি গড়তে যেখানে লেগেছে ১৯ মৌসুম, মেসি সেটা ছুঁয়েছেন দুই মৌসুম কম খেলেই। দৈব দুর্বিপাক না ঘটলে যে সান্তোসের হয়ে কিংবদন্তি পেলের গড়া এই রেকর্ড অচিরে ছাড়িয়েও যাবেন, তা বলাই বাহুল্য!
পেলের এক মৌসুমে সেরা নৈপুণ্যের রেকর্ডকে অবশ্য বহুআগেই পেছনে ফেলেছেন আর্জেন্টাইন অধিনায়ক। ১৯৫৭-৫৮ মৌসুমে সান্তোসের জার্সি গায়ে ৪৬ ম্যাচে তার ৬৬ গোলের রেকর্ডকে মেসি ২০১২ সালেই পেছনে ফেলেন ৬০ ম্যাচে ৭২ গোল করে। সে বছর এমন নৈপুণ্যে ক্যারিয়ারের চতুর্থ ব্যালন ডিঅর জিতে নেন তিনি।
তবে মেসির এই কীর্তির দিনে বার্সা খেয়েছে আরেক হোঁচট। গতকাল ভ্যালেন্সিয়ার বিপক্ষে নিজ মাঠেই ২-২ ড্রয়ে বাধ্য হয়েছে। শুরুটা হয় মুক্তা দিয়াখাবির গোলে ২৮ মিনিটে। মেসি যোগ করা সময়ে পেনালটি নষ্ট করলেও ফিরতি সুযোগে আলবার ক্রসে মাথা ছুঁইয়ে সমতায় ফেরান বার্সাকে। বিরতির পর রোনাল্ড আরাউহোর গোলে জয়ের আশাই জাগে কাতালান শিবিরে। তবে ৬৯ মিনিটে ম্যাক্সি গোমেজ সে আশায় পানি ঢালেন কাতালানদের। মৌসুমের তৃতীয় ড্রয়ে বাধ্য হয়েই মাঠ ছাড়ে কাতালানরা।
এদিকে পেলে আরেকটা জায়গায়ও পেছনে পড়ে যেতে পারেন শিগিগরই। সেটা মেসির প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোর মাধ্যমে। ৭৫৭ ক্যারিয়ার গোল নিয়ে পেলে আছেন সর্বোচ্চ ক্যারিয়ার গোলের তৃতীয় স্থানে। তিনটি গোল কম নিয়ে রোনালদো আছেন তার ঠিক পরেই। গত রাতে পারমার বিপক্ষে অতিমানবীয় কিছু করে বসলে হয়তো এতক্ষণে সেখানেও পিছিয়ে পড়েছেন পেলে।
