গত কয়েকদিন যাবত পদ্মা নদীতে ধরা পড়ছে বড়ো বড়ো মাছ। আজও এর ব্যতিক্রম হলো না। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২১ কেজি ২০০ গ্রাম ওজনের কাতল ও ২১ কেজি ওজনের একটি বোয়াল মাছ।
রবিবার ভোরে দৌলতদিয়া ১নং ফেরি ঘাটের উজানে পদ্মা-যমুনা নদীর মোহনায় জাল ফেললে দৌলতদিয়া ছাত্তার মেম্বার পাড়ার জেলে জামাল হালদারের জালে বিশাল আকৃতির কাতল ও ধাওয়া পাড়া ঘাটের জেলে শুকুর হালদারের জালে বিশাল আকৃতির বোয়াল মাছটি ধরা পড়ে।
সকাল ৭টার দিকে জেলেরা মাছ দুটি বিক্রি করতে দৌলতদিয়া বাইপাস সড়কের মাছের আড়তে নিয়ে এলে এ সময় উৎসুক জনতা এক নজর দেখতে ভিড় জমায়।

পরে মাছ দুটি উন্মুক্ত নিলামে উঠলে ২১ কেজি ওজনের বোয়াল মাছটি ফেরি ঘাটের মৎস্য ব্যবসায়ী মাসুদ মোল্লা দুই হাজার একশ টাকা কেজি দরে ৪৪ হাজার একশ টাকা দিয়ে কেনেন। এরপর তাৎক্ষণিক তিনি ঢাকার এক ব্যবসায়ীর কাছে দুই হাজার দুইশ টাকা দরে ৪৬ হাজার দুইশ টাকায় বেচে দেন। কাতল মাছটি আরেক মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা এক হাজার ৩৫০ টাকা কেজি দরে ২৮ হাজার ৬২০ টাকায় কিনে বেশি লাভের আশায় বিভিন্ন স্থানে যোগাযোগ করতে দেখা গেছে।
আরো পড়ুন: রাষ্ট্রপতির ক্ষমায় ফাঁসির দণ্ড থেকে মুক্ত হয়ে মামলার বাদি-সাক্ষীদের হুমকির অভিযোগ
এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, এ মৌসুমে এখন পদ্মা নদীতে প্রায়ই বড়ো ধরনের মাছ পাওয়া যাবে। তবে মিঠা পানির সুস্বাদু এতো বড় মাছ নদীতে এখন খুব একটা দেখা যায় না। এ ধরনের মাছ সাধারণত ফ্যাসন, দশন, কৌনা, কচাল ও চাকা ওয়ালা ঘাইলা ব্যার জালে ধরা পড়ে।
ইত্তেফাক/এসি
