যুক্তরাষ্ট্রে সরকারের অচলাবস্থার ২৮তম দিন ছিল গতকাল শুক্রবার। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প এবং বিরোধী ডেমোক্র্যাটদের মধ্যে কোনো সমঝোতার লক্ষণ নেই। দুই পক্ষই তাদের সিদ্ধান্তে অনড়। প্রেসিডেন্ট ট্রাম্প শাটডাউনের কথা বলে প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির বিদেশ সফর আটকে দিয়েছেন। এমনকি বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে মার্কিন প্রতিনিধি না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। খবর রয়টার্স ও আল জাজিরা’র
প্রেসিডেন্ট ট্রাম্প নানা হুঁশিয়ারি দিলেও ডেমোক্র্যাটরা পাত্তা দিচ্ছেন না। তারা শাটডাউনের সঙ্গে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মানের বিষয়টি মেলাতে চাইছেন না। ফলে প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি অনুযায়ী ৫৭০ কোটি ডলারের অনুমোদন ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদ দেয়নি এবং দেবে না বলেও জানিয়েছে। ইতোমধ্যে ডেমোক্র্যাটরা তিনদিনের ছুটিতে ওয়াশিংটন ছেড়েছেন। মঙ্গলবার তারা ফিরবেন। শুক্রবার রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটের বৈঠক হওয়ার কথা থাকলেও আলোচ্য বিষয়ে শাটডাউন প্রসঙ্গ আছে কিনা তা জানা যায়নি।
সরকারের অচলাবস্থা থাকায় প্রায় ৮ লাখ কর্মকর্তা-কর্মচারী বিনা বেতনে কাজ করছেন বা তাদের বাধ্য করা হচ্ছে। রাজনৈতিক কারণে অভিবাসন নীতির আলোচনা ভেস্তে যাচ্ছে। প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি সরকার পুনরায় চালু না হওয়া পর্যন্ত আগামী ২৯ জানুয়ারির প্রেসিডেন্টের ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণ পেছানোর অনুরোধ করেছিলেন। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প সেই অনুরোধ প্রত্যাখান করেছেন। উল্টো বেলজিয়াম এবং আফগানিস্তান সফরে যাওয়ার কথা ছিল ন্যান্সি পেলোসির নেতৃত্বে কংগ্রেসের একটি প্রতিনিধি দলের। রওনা হওয়ার আগ মুহূর্তে তাদের আটকে দেন প্রেসিডেন্ট ট্রাম্প। পেলোসির মুখপাত্র এই তথ্য জানিয়েছেন। গত ২২ ডিসেম্বর থেকে শাটডাউন চলছে।
