বগুড়ায় নাগর নদে বালু উত্তোলনের সময় ২ শ্রমিকের মৃত্যু

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৯, ২৩:২০

বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাগর নদ থেকে অবৈধভাবে বালু তুলতে গিয়ে শুক্রবার দুপুরে গভীর গর্তে বালু চাপা পড়ে এবং বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে দুই শ্রমিক মারা গেছেন। নিহত শ্রমিকরা হলেন, জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার বানিয়াচাপড় গ্রামের আমজাদ হোসেনের ছেলে খায়রুল ইসলাম (২৬) ও একই গ্রামের মোস্তফা আলীর ছেলে মোশারফ হোসেন (১৮)।

এলাকাবাসী জানান, উপজেলার দক্ষিণ ছাতরা গ্রামের বালু ব্যবসায়ী নাসির উদ্দিন দীর্ঘদিন ধরে নাগর নদ থেকে বোরিং করে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন। শুক্রবার তার নিয়োজিত কয়েকজন শ্রমিক বালু উত্তোলনের কাজ করছিল। বালু উত্তোলনের সময় ব্যবহূত শ্যালো মেশিনের ফিতা বোরিং করা গর্তে পড়ে যায়। ওই ফিতা তুলে আনার জন্য খায়রুল ও মোশারফ নামে দুই শ্রমিক ২০ ফুট গভীর গর্তে নামেন। এ সময় তারা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ছটফট শুরু করে। অন্যান্য শ্রমিকরা দড়ি নামিয়ে তাদের উঠানোর চেষ্টা করলে তারা গর্তেই বালু চাপা পড়ে। খবর পেয়ে শিবগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে গর্তের মাটি সরিয়ে দুই জনের মরদেহ উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনেন। শিবগঞ্জ ফায়ার স্টেশনের লিডার আব্দুল হামিদ জানান, বিষাক্ত গ্যাস আর মাটি চাপা পড়ে তাদের মৃত্যু হয়।

বালু ব্যবসায়ী নাছির উদ্দিনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান বলেন, অবৈধভাবে বালু উত্তোলনকারীকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।