জাফলংয়ে ঝুঁকিপূর্ণ ১৫টি গর্ত থেকে পাথর উত্তোলনে নিষেধাজ্ঞা

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৯, ২৩:২০

সিলেটের জাফলংয়ে অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধ করতে টাস্কফোর্স জাফলং মন্দিরের জুম এলাকায় ঝুঁকিপূর্ণ ১৫টি গর্ত থেকে পাথর উত্তোলনের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পালের নেতৃত্বে  সেখানে অভিযান চালিয়ে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। এর আগে পর্যটন কেন্দ্র জাফলংয়ে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে বেশ কিছু নকল প্রসাধনী জব্দ করে বিনষ্ট করে টাস্কফোর্স। একই সঙ্গে নকল পণ্য বিক্রির দায়ে এক দোকান মালিককে আর্থিক জরিমানা করা হয়। এ সময় গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) আশিকুর রহমান চৌধুরী, সংগ্রাম বিওপির ক্যামপ কমান্ডার জয়নাল আবেদীন, থানার এসআই জুনেদ আহমদসহ পুলিশ ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

গোয়াইনঘাটের ইউএনও বিশ্বজিত কুমার পাল জানান, জাফলংয়ে মন্দিরের জুম এলাকায় অভিযান চালিয়ে ঝুঁকিপূর্ণ ১৫টি পাথর উত্তোলনের গর্ত বন্ধ করে দেওয়া হয়েছে। যদি কেউ নিষেধাজ্ঞা অমান্য করে  পাথর উত্তোলন করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।