আড়াইহাজারে বোরো রোপণের ধুম

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ০০:৪৪

আড়াইহাজার (নারায়ণগঞ্জ): আড়াইহাজারে বোরো রোপণ চলছে পুরোদমে। উপজেলার সর্বত্র বোরো রোপণে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষক। উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, এ বছর উপজেলার ২ পৌরসভা ও ১০ ইউনিয়নে মোট ১০ হাজার হেক্টর জমিতে বোরো রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ৩২ ব্লকে ভাগ করা হয়েছে উপজেলার বোরো জমিগুলো। ইতোমধ্যে ৪ হাজার হেক্টর জমিতে রোপণের কাজ শেষ হয়েছে। আমন ধান উত্পাদন করে এবার কৃষক লাভের মুখ দেখেছেন। এ জন্য তারা বেশি করে বোরো ধান রোপণ করছেন। সরেজমিন দেখা গেছে, কিষান-কিষানীরা খাওয়া-দাওয়া ভুলে জমিতে সময় দিচ্ছেন।  কৃষক নজরুল ইসলাম  জানান, ভালো ফলনের আশায় তারা বোরো রোপণ করছেন। উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আব্দুল কাদির জানান, সব সময়ই আড়াইহাজার উপজেলায় বোরো ধান ভালো হয়ে আসছে। আশা করি এ বছরও বোরোর বাম্পার ফলন হবে। কৃষি অফিস থেকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে    —মাসুম বিল্লাহ