উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে নুর মোহাম্মদ নুরু (৫৩) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ। নুর কুশমাইল ইউনিয়নের বরুকা উত্তরপাড়া বাসিন্দা। গতকাল বরুকা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নুর মোহাম্মদের সঙ্গে তার জেঠাত ভাই আব্দুল কদ্দুছদের ৫-৬ বছর ধরে বসতভিটা নিয়ে বিরোধ চলছিল। এর জেরে প্রায় মাসখানেক আগে নুর মোহাম্মদকে হত্যার হুমকি দিয়ে বাড়ির মাঝখানে বেড়া দেয়। এতে নুর অবরুদ্ধ হয়ে বাড়ি ছেড়ে দেন এবং জমি সংক্রান্ত বিরোধের বিষয়ে মামলা করেন।
মাসখানেক পর গতকাল বিকালে পুলিশের সহযোগিতায় বাড়িতে যান নুর। পুলিশ তার বাড়িতে গিয়ে দুই পক্ষকে মারামারি না করার পরামর্শ দিয়ে তাকে বাড়িতে রেখে আসে। পুলিশ চলে যাওয়ার পর নুর মোহাম্মদ কেন কদ্দুসদের বিরুদ্ধে মামলা করেছে— এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান তিনি।
ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বলেন, মারামারি না করতে প্রতিপক্ষকে বুঝিয়ে নুর মোহাম্মদকে বাড়িতে রেখে আসা হয়। এর আধাঘণ্টার মধ্যেই নুর মোহাম্মদকে পিটিয়ে হত্যা করে প্রতিপক্ষ।
