করোনার এই সময়ে গণমাধ্যম অস্তিত্বের সংকট মোকাবিলা করছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আইনুল ইসলাম। তিনি বলেছেন, একদিকে তথ্যের মহামারি, অন্যদিকে স্বাস্থ্যের অতিমারি, পাশাপাশি গণমাধ্যম মোকাবিলা করছে ‘অস্তিত্বের সংকট’। এই ত্রিমুখী সংকট মোকাবিলায় করোনা-উত্তর আগামী দিনে গণমাধ্যমের গতিপথ বিশ্লেষণ করতে হবে।
গতকাল রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি আয়োজিত এক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এসব কথা বলেন। সমিতির ২০২০-২১ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটির দায়িত্ব গ্রহণ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের এলামনাই অ্যাসোসিয়েশন ফ্লোরে ‘করোনা-উত্তর গণমাধ্যমের গতিপথ’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, করোনার এই দুঃসময়ে মানুষের বিবেককে জাগ্রত করতে, অসংগতি তুলে ধরে সাংবাদিকরা তাদের ভূমিকা পালন করেছে। বিশ্ববিদ্যালয় একাডেমিক কার্যক্রম শুরু করার বিষয়ে তিনি বলেন, ক্যাম্পাস খুলে দেওয়ার জন্য আমাদের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর-এসওপি প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, টিকে থাকতে হলে গণমাধ্যমে নতুন প্রযুক্তির অনুসন্ধান করতে হবে।
অনুষ্ঠানে সাংবাদিক সমিতির সদ্য সাবেক সভাপতি রায়হানুল ইসলাম আবির ও সাধারণ সম্পাদক ইমরান হোসাইন নবনির্বাচিত সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক সাজ্জাদুল কবিরের কাছে দায়িত্বভার তুলে দেন।
