ব্রিটেনে ভিন্ন বৈশিষ্ট্যের এক করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর অনেক দেশ এখন ব্রিটেনের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে বা নিষেধাজ্ঞা জারির কথা বিবেচনা করছে। নেদারল্যান্ডস এবং বেলজিয়াম এরই মধ্যে ব্রিটেনের সঙ্গে ফ্লাইট চলাচল বন্ধ করে দিয়েছে। লন্ডন হতে বেলজিয়াম পর্যন্ত ট্রেন সার্ভিসও নিষিদ্ধ করা হয়েছে। খবর বিবিসির
করোনা ভাইরাসের নতুন যে ধরন শনাক্ত হয়েছে তা মোটেই নিয়ন্ত্রণে নেই বলে সতর্ক করে দিয়ে সবাইকে নতুন কঠোর বিধিনিষেধ মেনে চলার অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। ইতালির পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তার সরকার ফ্লাইট নিষিদ্ধ করার কথা ভাবছে। ফ্রান্স এবং জার্মানিও একই ব্যবস্থা নেওয়ার কথা বিবেচনা করছে। এই নতুন বৈশিষ্ট্যের করোনা ভাইরাস লন্ডন এবং দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে দ্রুত ছড়াচ্ছে বলে জানিয়েছেন ব্রিটিশ স্বাস্থ্য কর্মকর্তারা। এ নিয়ে মারাত্মক উদ্বেগের পটভূমিতে শনিবার হঠাত্ করেই লন্ডন এবং দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের বিরাট অংশ জুড়ে কঠোর লকডাউন জারি করা হয়।
ব্রিটিশ গবেষকরা লন্ডন এবং আশেপাশের অঞ্চলে যে ভাইরাসের বিস্তার দেখছেন, সেটিকে তারা নিউ ভ্যারিয়েন্ট অর্থাত্ নতুন বৈশিষ্ট্যের ভাইরাস বলে বর্ণনা করছেন। এটি যে আগেরটির চেয়ে অনেক বেশি প্রাণঘাতী সেরকম প্রমাণ তারা পাননি। তবে যেটি গবেষকদের অবাক করেছে, তাহলো এই নতুন করোনা ভাইরাস আগেরটির চেয়ে ৭০ শতাংশ বেশি হারে ছড়াচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও উদ্বেগ প্রকাশ করে বলছে, এই নতুন করোনা ভাইরাস এখন নেদারল্যান্ডস, ডেনমার্ক এবং অস্ট্রেলিয়াতেও নাকি পাওয়া গেছে। এটা নিয়ে তারা ব্রিটিশ সরকারের সঙ্গে যোগাযোগ করেছে।
