আগামী ২৫ ডিসেম্বর খ্রিস্টান ধর্মাম্বলীদের সবচেয়ে বড় উত্সব মেরি ক্রিস্টমাস বা বড়দিন। এই দিনে অতিথি আপ্যায়নের জন্য মজাদার কয়েকটি রেসিপি নিয়ে আমাদের এবারের আয়োজন—
চকো ললিপপ
উপকরণ :ডার্ক চকলেট ২০০ গ্রাম, কাজুবাদাম-আমন্ড-পেস্তা ভেজে ক্রাশ করা আধা কাপ, কনডেন্সড মিল্ক সিকি কাপ, মাখন ২ টেবিল চামচ, কোকো পাউডার ৩ টেবিল, চকলেট এসেন্স আধা চা চামচ, আইসিং সুগার ৩ টেবিল চামচ, তরল দুধ ৩ টেবিল চামচ, মেরি বিস্কুটের গুঁড়া ৩ টেবিল চামচ।
প্রণালি :গ্রেট করা ডার্ক চকলেট, কনডেন্সড মিল্ক, মাখন, কোকো পাউডার, টকলেট এসেন্স, আইসিং সুগার, তরল দুধ একসঙ্গে মিশিয়ে ডাবল বয়লারে চকলেট সস তৈরি করে নিন। এবার এই সস অর্ধেক করে নিন। এখন অর্ধেক সস ননস্টিক প্যান চুলায় বসিয়ে ক্রাশ করা বাদাম ও গুঁড়া করা মেরি বিস্কুট দিয়ে নাড়ুন। ঘন হয়ে এলে নামিয়ে নিন। কিছুটা ঠাণ্ডা হলে গোল গোল করে পাইপের মাথায় লাগিয়ে নিন। তারপর বাকি চকলেট সসে ডুবিয়ে একটি পাত্রে ফ্রিজে রাখুন। ঠাণ্ডা হয়ে জমে গেলে পরিবেশন করুন।
কাপ কেক উইথ ক্রিম
উপকরণ :ময়দা ২ কাপ, মাখন আধা কাপ, কোকো পাউডার ২ টেবিল চামচ, চিনি দেড় কাপ, বেকিং পাউডার ২ চা চামচ, তরল দুধ ৫ টেবিল চামচ, চকলেট কালার ১ চা চামচ, চকলেট ফ্লেভার ১ চা চামচ, ক্রিম ১ কাপ, সুইটবল পরিমাণমতো, ডিম ২টি, চকলেট ২ টেবিল চামচ (গ্রেট করা)।
প্রণালি :ময়দা, কোকো পাউডার, বেকিং পাউডার একসঙ্গে চেলে রাখুন। ডিম ও চিনি বিট করে নিন। এবার গলানো মাখন, এসেন্স, কালার ও দুধ দিয়ে বিট করে চেলে রাখা ময়দা মিশিয়ে নিন। এবার কাপ কেকের মোল্ডে পেপার কাপ রেখে তিনভাগের দুই ভাগ পেপার কাপ মিশ্রণ দিয়ে পূর্ণ করুন। তারপর প্রি-হিট ওভেনে ১৬০ ডিগ্রি সেন্টিগ্রেটে ২০-২৫ মিনিট বেক করুন। ঠাণ্ডা হলে ক্রিম দিয়ে সাজিয়ে নিন।
ব্ল্যাক ফরেস্ট কেক
উপকরণ :ময়দা ১ কাপ, ডিম ৬টি, আইসিং সুগার ১ কাপ, দুধ ২ টেবিল চামচ, কোকো পাউডার ২ টেবিল চামচ, ডার্ক চকলেট ২৫০ গ্রাম, বেকিং পাউডার ১ চা চামচ, চকলেট কালার ১ চা চামচ, চকলেট ফ্লেভার ১ চা চামচ, কফি ১ চা চামচ, চেরি কুচি ২ টেবিল চামচ, সুগার সিরাপ ১ টেবিল চামচ, চকলেট সিরাপ ২ টেবিল চামচ, লেবুর রস ২ চা চামচ, বাটার ২ টেবিল চামচ, হুইপ ক্রিম ২ প্যাকেট, ঠাণ্ডা দুধ আধা কাপ, আস্ত চেরি ৮-১০টি।
প্রণালি :ডিমের কুসুম ও সাদা অংশ আলাদা করে নিন। ডিমের সাদা অংশ বিট করে নিন। এবার কুসুম দিয়ে বিট করে আইসিং সুগার, কালার, ফ্লেভার দিয়ে বিট করে নিন। তারপর চেলে রাখা ময়দা, বেকিং পাউডার, গুঁড়া দুধ ও কোকো পাউডার মিশিয়ে নিন। এবার বেকিং ডিশে ঢেলে দিন। তারপর প্রি-হিট ওভেনে ১৬০ ডিগ্রি সেন্টিগ্রেটে ২৫-৩০ মিনিট বেক করুন। হুইপ ক্রিম ঠাণ্ডা দুধ ও এসেন্স দিয়ে বিট করে নিন। এবার ঠাণ্ডা কেক হলে লেয়ার কেটে চকলেট সিরাপ সুগার সিরাপ ও হুইপক্রিম দিন। তারপর হুইপ ক্রিম ও গ্রেট করা চকলেট দিয়ে সাজিয়ে নিন।
চকলেট ডোনাট
উপকরণ :ময়দা ২ কাপ, চিনি ৩ টেবিল চামচ, ইস্ট ১ চা চামচ, লবণ সিকি চা চামচ, ডিম ১টি, বাটার ১ টেবিল চামচ, তরল দুধ পরিমাণমতো, ডার্ক চকলেট ১০০ গ্রাম, কনডেন্সড মিল্ক ৩ টেবিল চামচ, কোকো পাউডার ১ টেবিল চামচ, সুইট বল ১ টেবিল চামচ, ভাজার জন্য তেল পরিমাণমতো।
প্রণালি :ময়দা চিনি, লবণ, ইস্ট, ডিম, দুধ দিয়ে ভালো করে মেখে নিন। এবার বাটার দিয়ে মেখে নিন। গরম জায়গায় ঢেকে রাখুন ১ থেকে দেড় ঘণ্টা। খামির ফুলে দ্বিগুণ হলে পুরু করে রুটি বেলে ডোনাট কার্টারে কেটে ডুবো তেলে সোনালি করে ভেজে নিন। তারপর গ্রেট করা চকলেট + কোকো পাউডার + কনডেন্সড মিল্ক + বাটার একসঙ্গে মাইক্রোওভেনে হাই পাওয়ারে ১ মিনিট রেখে বের করে নিন। এবার এই চকলেট সস ডোনাটের উপর বল ঢেলে দিন। তারপর চকলেট সসের উপর সুইট বল দিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার চকলেট ডোনাট।
