যুগের সাথে প্রযুক্তি এগিয়ে যাচ্ছে। রাইড শেয়ারিংয়েও আসছে নতুন কিছু পরিবর্তন। মূলত ‘ড্রাইভিল’ নতুন প্রজন্মের জন্য তৈরি রাইড শেয়ারিং অ্যাপ, যেটি সরাসরি পরিচালনা করা হয় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। যে কারণে ‘ড্রাইভিল’ সবসময় চেষ্টা করে আধুনিক প্রযুক্তি দিয়ে তাদের অ্যাপটি সাজাতে। নতুন তিনটি ফিচার নিয়ে ড্রাইভিলের আপডেটেড ভার্সন ১.০৩ শিগগিরই বাজারে আসছে। রাইড শেয়ারিং প্লাটফর্ম ড্রাইভিল এবার বাংলাদেশে প্রথমবারের মতো নিয়ে আসছে ভিডিওকল ফিচার। ফলে চালক এবং যাত্রী উভয়ে একে অপরের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে নিজের বর্তমান অবস্থান শেয়ার করতে পারবেন। জানতে পারবেন কে কোথায় এবং কোনদিকে আছেন। যাত্রী চাইলে অবশ্য এই ফিচারটি অ্যাপের সেটিংস অপশনে গিয়ে বন্ধ কিংবা চালু রাখতে পারবেন। এটির মাধ্যমে রাইড শেয়ারিং প্লাটফর্মে যোগ হবে এক নতুন অভিজ্ঞতা। এছাড়াও যাত্রী এবং চালকদের যোগাযোগের মাধ্যম হিসেবে আরও থাকছে অ্যাপটুঅ্যাপ ফোনকল এবং সরাসরি ফোনকল। বর্তমানে তিনটি ভাষায় পরিচালিত হচ্ছে ড্রাইভিল অ্যাপ। নতুন বছরের শুরুর দিকে সিলেট এবং চট্টগ্রামে শুরু হতে যাচ্ছে ড্রাইভিল’র পথচলা। ড্রাইভিল’র প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ ওয়াহিদ উজ্জ্বল বলেন, ‘আমরা ড্রাইভিল’র মানের ব্যাপারে কোনোপ্রকার ছাড় দিতে চাই না। কারণ, আমরা বিশ্বাস করি—এই নতুন ফিচারগুলোর মধ্যদিয়ে বাংলাদেশের নাম্বার ওয়ান স্মার্ট এবং সেফটি অ্যাপ হতে যাচ্ছে ড্রাইভিল। আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি অ্যাপকে নতুনরূপে সাজাতে। আর সেজন্যই আমরা আমাদের অ্যাপে নতুন আরও একটি ফিচার যোগ করেছি ‘লাইভ হেল্প’। যার মাধ্যমে চালক কিংবা যাত্রী ড্রাইভিল সংক্রান্ত যে কোনো প্রয়োজনে আমাদের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি চ্যাট করতে পারবেন।’
