ভারতে কম্বল পাঠাতে চান জাফরুল্লাহ চৌধুরী

আপডেট : ২১ ডিসেম্বর ২০২০, ২১:৪৩

ভারত সরকার অনুমতি দিলে চলমান শৈত্য প্রবাহে দেশটির কৃষকদের জন্য দুই হাজার কম্বল পাঠাতে চান গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। 

সোমবার ধানমন্ডিতে গণস্বাস্থ্য কেন্দ্রের সামনে উত্তরবঙ্গের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি একথা জানান।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, দেশে শীতের প্রবাহ বাড়ছে, তাপমাত্রা কোনো কোনো স্থানে ৭ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। ব্যবসায়ী সম্প্রদায়ের কাছে আমাদের আহ্বান, তারা যেন অসহায় শীতার্ত জনগণকে সহযোগিতা করেন। আমাদের এ কম্বলগুলো বড় করে তৈরি করা হয়েছে। একটা কম্বলে পরিবারের কয়েকজন থাকতে পারবেন। এসব কম্বল আবার তৈরিও করেছেন গরিব মানুষেরাই। গণস্বাস্থ্য বিশ্ববিদ্যালয়, গণস্বাস্থ্য কেন্দ্র এবং দুই-একজন ব্যবসায়ী এসব কম্বল দেওয়ার জন্য আমাদের সহযোগিতা করেছেন। গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাঁওতাল পল্লীসহ উত্তরবঙ্গে আমরা বিশেষভাবে নজর দিচ্ছি।  

ভারতের শৈত্য প্রবাহের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ভারতে শীত প্রবাহে ৩৭ জন কৃষক মারা গেছেন। ভারত সরকার আমাদের অনুমোদন দিলে ভারতের কৃষকদের জন্য আমরা দুই হাজার কম্বল পাঠাতাম। ভারতের সরকার তার দেশের জনগণকে অবহেলা করছে। আমাদের সারা পৃথিবীর বিষয়টা স্মরণ রাখতে হবে। তারপরও আমাদের দেশ ও মানুষ প্রথম বিবেচ্য বিষয়। তাই দেশের দরিদ্র মানুষদের সহযোগিতার জন্য সবার সহযোগিতা কামনা করছি। সবাই মিলে এ দুর্দশা অতিক্রম করতে হবে। 

জাফরুল্লাহ চৌধুরী আরো বলেন, আজ আমরা একটা বিশেষ ধরনের সহযোগিতা করছি মসজিদের ইমাম, মোয়জ্জিন এবং খাদেমদের। ওনারা ওয়াজ মাহফিল করে সবার কথা বলেন, কিন্তু নিজেদের জন্য লজ্জায় চাইতে পারেন না। রূপনগর ও আশুলিয়ায় বেড়িবাঁধ অঞ্চলের ইমাম, মোয়াজিজন এবং খাদেমদের পরিবারের জন্য আমরা একটি করে কম্বল দিচ্ছি। 
ইমাম-মুয়াজ্জিনদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অকারণে ভাস্কর্যের বিরোধিতা করবেন না। দরিদ্র মানুষের মুক্তি ও সাহায্যের জন্য খোদার কাছে দোয়া করেন। শীতে যেন কোনো মানুষ না মারা যান, সেজন্য আমাদের সাধ্যমত চেষ্টা করতে হবে।

গণস্বাস্থ্যের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টুর উপস্থাপনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গণস্বাস্থ্য  কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. মঞ্জুর কাদির আহমেদ, গণস্বাস্থ্য কেন্দ্রের নির্বাহী পরিচালক (কার্যক্রম) গোলাম মোস্তফা দুলাল, এইচ আরসির পরিচালক আকলিমা আক্তার প্রমুখ।

ইত্তেফাক/জেডএইচ