দেশে সামষ্টিক অর্থনীতির বেশিরভাগ সূচকই ইতিবাচক রয়েছে। তবে তা সত্বেও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা প্রয়োজন বলে মনে করে দেশের ব্যবসায়ীদের প্রাচীন ও মর্যাদাবান সংগঠন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (এমসিসিআই)। গতকাল বৃহস্পতিবার এমসিসিআই প্রকাশিত ত্রৈমাসিক (জুলাই-সেপ্টেম্বর) অর্থনৈতিক পর্যালোচনায় এ বিষয়টি উঠে আসে। সংগঠনের পক্ষ থেকে বলা হয়, কৃষি, উত্পাদন ও সেবা খাত ভালো করলেও বেশকিছু খাতে সরকারের ধারাবাহিক সহযোগিতা প্রয়োজন। এছাড়া অবকাঠামো দুর্বলতা, গ্যাস-বিদ্যুতের স্বল্পতা উত্পাদনশীল খাতের সক্ষমতা কমিয়ে দিচ্ছে। এসব সমস্যা থেকে উত্তরণে সরকারকে পর্যাপ্ত উদ্যোগ নেওয়া প্রয়োজন। এছাড়া রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন ও তা ধরে রাখা - যা বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং উচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের জন্য গুরুত্বপূর্ণ।
পর্যালোচনায় কৃষি, শিল্প নির্মাণ, বিদ্যুত্, সেবা, মুদ্রা পুঁজিবাজার, সরকারি অর্থায়ন, আমদানি-রপ্তানি, প্রবাসী আয়, বৈদেশিক সহায়তা, বিদেশি বিনিয়োগ, লেনদেনের ভারসাম্য, বিনিময় হার ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং মূল্যস্ফীতিসহ সামষ্টিক অর্থনীতির বেশকিছু বিষয় উঠে আসে।
এ সময় অর্থনৈতিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করা হয়। তবে এতসব সত্বেও বিনিয়োগ ইস্যুটি উঠে এসেছে। পর্যালোচনায় বিদেশি বিনিয়োগসহ সার্বিক বিনিয়োগ বাড়াতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
