ইরানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে হঠাত্ হরমুজ প্রণালি অতিক্রম করেছে যুক্তরাষ্ট্রের পরমাণু অস্ত্র ক্ষমতাসম্পন্ন সাবমেরিন ইউএসএস জর্জিয়া। সিএনএনের এক খবরে বলা হয়েছে, সাবমেরিনটি যখন এই প্রণালি অতিক্রম করছিল তখন সঙ্গে ছিল যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধজাহাজ। সোমবার মার্কিন নৌবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বলা হচ্ছে, পরমাণু সাবমেরিনের গতিপথ সম্পর্কে সাধারণত প্রকাশ্যে কমই বলা হয়।
কিছু মার্কিন কর্মকর্তা উদ্বেগ প্রকাশ করে বলেছেন যে, জেনারেল কাসেম সোলেইমানির মৃত্যুবার্ষিকীতে মার্কিন স্থাপনা ও ঘাঁটিতে হামলা চালাতে পারে ইরান। এই পরিস্থিতির মধ্যেই পারস্য অঞ্চলে মার্কিন সাবমেরিনের উপস্থিতি জানা গেল। ইউএসএস জর্জিয়া ১৫৪টি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রে সজ্জিত। একইসঙ্গে ৬৬ জন সেনা বহন করতে পারে। পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের মোট জ্বালানি তেলের এক-পঞ্চমাংশ সরবরাহ হয়।
চীন ও রাশিয়ার যৌথ টহল :এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে গতকাল মঙ্গলবার যৌথ টহল দিয়েছে চীন ও রাশিয়া। এটি দুই দেশের দ্বিতীয় যৌথ কৌশলগত টহল ছিল বলে চীনের রাষ্ট্রীয় দৈনিক গ্লোবাল টাইমস টুইট করে জানিয়েছে। যৌথ টহলে চীনের চারটি এইচ-সিক্স কে বোমারু বিমান এবং রাশিয়ার দুটি টিইউ-৯৫ বোমারু বিমান অংশ নেয়। জাপান সাগর ও পূর্ব চীন সাগরে দুই দেশ এই যৌথ টহল দেয়। টহলের সময় কোনো বিদেশি আকাশসীমায় প্রবেশ করা হয়নি বলে জানিয়েছে গ্লোবাল টাইমস। তবে দক্ষিণ কোরিয়া বলেছে, টহলের সময় চীনের বিমান তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে।
