কেরানীগঞ্জে পুলিশ পরিদর্শকের বাসায় গৃহকর্মীর ঝুলন্ত লাশ

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২০, ০০:২৭

ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন কলাতিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আশিকুজ্জামানের বাসা থেকে সোনিয়া আক্তার জান্নাতি (১৬) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ্ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার বাঘজাপা গ্রামে। তার পিতার নাম মো. সাকিল মিয়া।

কলাতিয়া পুলিশ ফাঁড়ির এসআই চুন্ন মিয়া জানান, তিন বছর যাবত্ সোনিয়া আক্তার কলাতিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশিকুজ্জামানের বাসায় গৃহকর্মীর কাজ করত। এক মাস আগে জান্নাতির কর্মস্থলে তার মা গ্রাম থেকে বেড়াতে আসেন। বেড়াতে এসে মা দেখতে পায় তার মেয়ে লুকিয়ে লুকিয়ে মোবাইল ফোনে কারো সঙ্গে কথা বলেন। মা মেয়েকে ফোনে কথা না বলার জন্য একাধিকবার নিষেধ করেন। মেয়ে কথা না শোনায় এক পর্যায়ে সোমবার দুপুরে গালাগালিও করেন। মেয়ে কথা না শুনে মায়ের সঙ্গে অভিমান করে ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

কেরানীগঞ্জ মডেল থানা পরিদর্শক (তদন্ত) মুযাম্মেল হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থালে গিয়ে ঝুলন্ত লাশ দেখতে পাই। এরপর নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেলের উপস্থিতিতে লাশ নামিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করি।

এ ঘটনায় মেয়ের মা কেরানীগঞ্জ মডেল থানায় অপমৃত্যু মামলা করেছেন।