ন্যাশনাল এসোসিয়েশন অব এপেক্স ক্লাবসের বিশেষ সাধারণ সভা করা থেকে বিরত থাকার নির্দেশ

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২০, ১৭:৪৯

দি ন্যাশনাল এসোসিয়েশন অব এপেক্স ক্লাবস অব বাংলাদেশ-এর বিশেষ সাধারণ সভা করা থেকে বিবাদিদের বিরত থাকার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

আগামী ২৫ ডিসেম্বর কুমিল্লা টাউন হলে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

হাইকোর্টে দাখিলকৃত সিভিল রিভিশন নং ৩৯৮০ এর পরিপ্রেক্ষিতে বুধবার (২৩ ডিসেম্বর) বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর একক বেঞ্চে শুনানি শেষে আগামী ২৫ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ইমার্জেন্সি স্পেশাল ন্যাশনাল কনভেনশন আয়োজনের উপর এ আদেশ দেন। আদেশের ‍বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী মুশফিকুর রহমান।

এছাড়াও রাজধানী ঢাকা ব্যতীত অন্য কোথাও ভার্চুয়ালি বা সশরীরে জাতীয় বোর্ডের যে কোন সভা থেকে বিরত থাকার জন্য বলা হয়েছে।
 
আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী মুশফিকুর রহমান। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. সগীর আনোয়ার।

আইনজীবী মুশফিকুর রহমান জানান, সংগঠনটির বর্তমান সভাপতি নিজাম উদ্দিন পিন্টু ক্ষমতার অপব্যবহার করে জরুরী সভা ডেকেছেন। যেটা গঠনতন্ত্র বিরোধী। এ কারণে সংগঠনটির জেলা গভর্নর মো. রফিকুল ইসলাম সভা স্থগিত চেয়ে আদালতে মামলা করেন। ঢাকা যুগ্ম জেলা জজ আদালত-৩ মামলাটি খারিজ করে দেন। এরপর তিনি হাইকোর্টে রিভিশন মামলা দায়ের করেন। হাইকোর্ট ওই রিভিশন মামলার শুনানি নিয়ে সভার উপর স্থিতাবস্থা জারি করে আবেদনটি নিষ্পত্তি করে দেন। ফলে ওই সভা সংক্রান্ত সব কাজ বন্ধ থাকবে।

ইত্তেফাক/এমআর