মুক্তিযুদ্ধের চলচ্চিত্র

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২০, ২১:৩৯

মুক্তিযুদ্ধ ও বিজয় নিয়ে রচিত হয়েছে অসংখ্য গল্প, কবিতা ও উপন্যাস। নির্মিত হয়েছে অনেক চলচ্চিত্রও। এসব চলচ্চিত্র দেখে আমরা বিনোদনের পাশাপাশি মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারি। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত কয়েকটি উল্লেখযোগ্য চলচ্চিত্র সম্পর্কে জেনে নেওয়া যাক—

ওরা ১১জন

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা হলো ‘ওরা ১১জন’। প্রয়াত চাষী নজরুল ইসলাম নির্মিত এই ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাজ্জাক, শাবানা, নূতন, খসরু, সৈয়দ হাসান ইমাম সহ আরো অনেকে। ছবিটি ১৯৭২ সালে মুক্তি পায়।

 

গেরিলা

২০১১ সালে মুক্তিপ্রাপ্ত নাসির উদ্দীন ইউসুফ পরিচালিত মুক্তিযুদ্ধের পটভূমি নিয়ে নির্মিত আরেকটি সিনেমা ‘গেরিলা’। সৈয়দ শামসুল হকের ‘নিষিদ্ধ লোবান’ উপন্যাস অবলম্বনে নির্মিত ছবিতে মুক্তিযুদ্ধের সময়ের গেরিলা হামলার চিত্র উঠে এসেছে। জয়া আহসান, ফেরদৌস, রাইসুল ইসলাম আসাদ, শম্পা রেজা, গাজী রাকায়েতসহ আরো অনেকে কাজ করেছেন এ ছবিতে।

 

আগুনের পরশমণি

প্রখ্যাত চলচ্চিত্রকার ও কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ পরিচালিত তাঁর নিজের লেখা সিনেমাটি ১৯৯৪ সালে বেশ কয়েকটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। মূলত একাত্তরে একটি পরিবারের গল্প এবং তাদের বাড়িতে কিছু মুক্তিযোদ্ধাদের আশ্রয় দেওয়া নিয়ে এই সিনেমার গল্প।

 

আমার বন্ধু রাশেদ

২০১১ সালে মুক্তিপ্রাপ্ত মুক্তিযুদ্ধভিত্তিক এই সিনেমা মুহাম্মদ জাফর ইকবাল রচিত শিশুতোষ উপন্যাস ‘আমার বন্ধু রাশেদ’ নিয়ে নির্মিত। পরিচালনা করেছেন মোরশেদুল ইসলাম। একজন কিশোর বালককে কেন্দ্র করে মুক্তিযুদ্ধের একটি কাহিনি খুব চমত্কারভাবে এই ছবিতে ফুটিয়ে তোলা হয়েছে।

 

শ্যামল ছায়া

মুক্তিযুদ্ধের ওপর পরিচালক হুমায়ুন আহমেদের দ্বিতীয় চলচ্চিত্র ‘শ্যামল ছায়া’, যা মুক্তি পেয়েছিল ২০০৩ সালে। এই চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন হুমায়ুন ফরীদি, রিয়াজ, শাওন, খসরু, শিমুল, ফারুক আহমেদ প্রমুখ।

 

জয়যাত্রা

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালীন একদল মানুষের হাসি-কান্না, সুখ-দুঃখ, মৃত্যু ও বেঁচে থাকার সংগ্রামের গল্প নিয়ে ‘জয়যাত্রা’ চলচ্চিত্রটি নির্মিত।  তৌকীর আহমেদ পরিচালিত ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত এ ছবির গল্প লিখেছেন বিখ্যাত কাহিনিকার ও নির্মাতা আমজাদ হোসেন।

 

অরুণোদয়ের অগ্নিসাক্ষী

সিনেমাটি মূলত একজন অভিনেতাকে কেন্দ্র করে, যিনি যুদ্ধের সময় দেশ ছেড়ে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যান, কিন্তু যুদ্ধশেষে তার মাঝে শুরু হয় বিবেকের দংশন।

 

হাঙর নদী গ্রেনেড

১৯৯৭ সালে প্রখ্যাত লেখক সেলিনা হোসেন রচিত মুক্তিযুদ্ধের গল্প ‘হাঙর নদী গ্রেনেড’ অবলম্বনে একই নামে ছবিটি নির্মাণ করেন চাষী নজরুল ইসলাম। একজন সন্তানহারা মায়ের গল্প নিয়েই এ ছবির কাহিনি গড়ে উঠেছে।

 

মুক্তির গান

মুক্তিযুদ্ধভিত্তিক বাংলা প্রামাণ্য চিত্র হলো ‘মুক্তির গান’, যা মুক্তি পায় ১৯৯৫ সালে। আমেরিকান সাংবাদিক লিয়ার লেভিনের মুক্তিযুদ্ধের সময় ধারণকৃত ছবি থেকে বাছাই করে এটি নির্মিত হয়, যা বিভিন্ন পুরস্কার ও খ্যাতি অর্জন করে।

 

মুক্তিযুদ্ধকে জানার খুব ভালো মাধ্যম যেমন পুস্তক ও বইপত্র, তেমনি এসকল চলচ্চিত্রও বটে। বিজয়ের এই মাসে বাসায় বসে ঝালাই করে নিতে পারি মূল্যবান সৃজনসমূহ।

 

নবম শ্রেণি, সরকারি পি এন বালিকা উচ্চ বিদ্যালয়, রাজশাহী