চট্টগ্রামের পটিয়া সীমান্তের আনোয়ারা উপজেলা থেকে ১ লাখ ৪৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে মাহমুদুল হক, মো. ইব্রাহিম ও জাহেদ হোসাইন নামের তিন জনকে। এ সময় তাদের কাছ থেকে দুইটি মোটরসাইকেল ও পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে আয়োজিত এক ব্রিফিংয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক এ তথ্য জানান। পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানিয়েছেন, পটিয়া সীমান্ত দিয়ে ইয়াবা পাচারের খবর পেয়ে বৃহস্পতিবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) তারিক রহমানের নেতৃত্বে পটিয়া ও আনোয়ারা থানার পুলিশ যৌথভাবে অভিযান চালায়। এ সময় ১ লাখ ৪৬ হাজার পিস ইয়াবাসহ তিন জনকে গ্রেফতার করে। ইয়াবা উদ্ধারের ঘটনায় আনোয়ারা থানায় একটি মামলা রেকর্ড করা হয়েছে।
