দুই রম্য

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ১৬:৫৪

তানভীর আহাম্মেদ

বাণিজ্য মেলায় যাইরে!

 

 

রিক্তা ও শিখা দুই বান্ধবী। একদিন রাস্তা দিয়ে যাওয়ার মুহূর্তে হঠাত্ রিক্তার চোখ গেল বাণিজ্য মেলা গেটে।

—এই দেখ মেলা শুরু হয়েছে। চল যাই।

—গিয়ে কী হবে! ডিসেম্বরে টিউশনি করাইনি। হাতে বাড়তি টাকা নাই। তোর কাছে থাকলে তুই যা।

—আরে আমারও নাই।

—তো কী জন্য যাবি! পরে যাব, চল এখন।

—আরে দূর কিনতে কে যাবে!

—তো?

—সেলফি তুলতে যাব। এই বছরে তেমন ক্যাপশন দিয়ে পোস্ট করার মতো ছবি নাই।

—হ্যাঁ রে চল। পরশু আবার আমার জন্মদিন, ফ্রেন্ডদের বলা যাবে মেলায় গিয়ে টাকা শেষ, ট্রিট দিতে পারব না।

জিএফ-এর জন্মদিনে

 

 

বিএফ :শুভ জন্মদিন। এই দেখো তোমার জন্য স্পেশাল গিফট।

জিএফ :এইগুলো তো খেলার টিকিট।

বিএফ :হ্যাঁ। মিরপুর স্টেডিয়ামের। আজ তো তোমার প্রিয় দলের খেলা। তাই ভাবলাম তোমার জন্মদিনের দিন দুজনে একসাথে খেলা দেখি...

জিএফ :তুমি কি আমার জন্মদিন পালন করতে চাও, নাকি জন্মদিনকে মৃত্যুদিন বানাতে চাও?

বিএফ :মানে! কী বলছ এইসব!

জিএফ :মানে বুঝো না? দেখো না টিভিতে খেলার মাঠে কিভাবে কাপল দেখায়! কাপলরা লুকিয়েও ক্যামেরাম্যান থেকে রক্ষা পায় না। আমাদেরও দেখালে আমাকে বাসায় জীবিত রাখবে বলে তোমার মনে হয়?