আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে রাজনৈতিক আইসোলেশনে আছে বলেই সরকারের কোনো উন্নয়ন দেখতে পায় না। গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর সংসদ ভবন এলাকার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি আরো বলেন, বিএনপি মহাসচিব বলেছেন করোনা সংক্রমণের শুরু থেকে সরকার নাকি একেবারেই ভ্রুক্ষেপহীন। বিএনপি মহাসচিব চিরাচরিত শব্দ চয়নে সরকারের বিরুদ্ধে বিষোদগার করছেন, একে সমালোচনা না বলে প্রতিহিংসা ও মিথ্যাচার বলা যায়।
ওবায়দুল কাদের বলেন, বিশ্বের বিভিন্ন দেশে যখন মহামারি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক ও সাহসী নেতৃত্বে একদিকে সংক্রমণ রোধ ও চিকিত্সা, অপরদিকে জীবন-জীবিকার নিরাপত্তা বিধানে গৃহীত পদক্ষেপ বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে। তিনি আরো বলেন, বিএনপি চেয়েছিল মানুষ না খেয়ে এবং বিনা চিকিত্সায় রাস্তায় মরে পড়ে থাকবে, তা হয়নি বলেই তাদের এত গাত্রদাহ। জনগণের ক্ষতি করার পাশাপাশি দেশের ইমেজ নষ্ট করা ও মিথ্যাচারই এখন বিএনপির একমাত্র কৌশল।
