তৃণমূলে যোগ দেওয়া স্ত্রীকে বিবাহবিচ্ছেদের নোটিশ দিলেন বিজেপির এমপি

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২০, ২২:৫৪

ভারতের রাজনীতিতে দল বদল এখন অনেকটাই স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে সাম্প্রতিক এক দল বদলের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্ত্রী সুজাতা মন্ডল খান তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ায় বিবাহ বিচ্ছেদের নোটিশ পাঠিয়ে দিয়েছেন বিজেপি এমপি সৌমিত্র খান। গত মঙ্গলবার তিনি এই নোটিশ পাঠান। এর একদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসে যোগ দেন সুজাতা। আগামী বছরের এপ্রিল-মে তে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগেই চলছে দল বদলের খেলা। গত সপ্তাহেই তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছেন বেশ কয়েকজন বিধায়ক ও নেতা। খবর বিবিসির।

গত সোমবার কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে সুজাতা খান বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়ার ঘোষণা দেন। তিনি জানান, এর পেছনে অনেক কারণ রয়েছে। বিজেপি কখনোই            যথাযথ সম্মান দেয়নি। বরং বিরোধীদলগুলো থেকে অনেক দুর্নীতিবাজ নেতাকে দলে ভিড়িয়েছে। দলের বিশ্বস্ত নেতাদের সুযোগ নষ্ট করা হয়েছে। তার দাবি, বিজেপি এখন তৃণমূল কংগ্রেসের বি-টিমে পরিণত হয়েছে। এ কারণে তিনি বিজেপি ছেড়েছেন। তিনি তৃণমূলের এ-টিমে যোগ দেওয়াকেই ভালো মনে করেছেন। তিনি বলেন, আমার স্বামীকে লোকসভা নির্বাচনে জেতাতে অনেক ত্যাগ স্বীকার করেছি। আমার ওপর শারীরিক হামলাও হয়েছে। কিন্তু এর বদলে কিছুই পাইনি। আমি এখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে কাজ করতে চাই। তার এই সিদ্ধান্ত তার স্বামীর রাজনৈতিক জীবনে কোনো প্রভাব ফেলবে কি না এমন প্রশ্নের জবাবে সুজাতা বলেন, তিনি কী করবেন সেটা সম্পূর্ণভাবে তার সিদ্ধান্ত।