আবারো বিতর্কের তোপে

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২০, ০২:২৭

একের পর এক বির্তকের তোপে পড়ছেন বলিউড কুইন কঙ্গনা রানাওয়াত। সেটা কখনো অন্যায়ের প্রতিবাদ করে, আবার কখনো নিজের কর্মকাণ্ড নিয়ে। বর্তমান সময়ে কঙ্গনার খবর মানেই যেন বির্তকের নতুন অধ্যায়! গত জুন মাসে বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর বলিউডের ভেতরে স্বজনপোষণ ও ড্রাগের অবাধ লেনদেন নিয়ে সরব হয়েছিলেন কঙ্গনা। এমনকি এ বিষয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্দভ ঠাকুরের উদ্দেশ্যে ওপেন চ্যালেঞ্জও ছোঁড়েন এই অভিনেত্রী। এরপরই বেআইনি নির্মাণের অভিযোগে মুম্বাইয়ে তার অফিসের একটি অংশও ভেঙে ফেলা হয়। বিষয়টি আদালতে গড়ালে তার পক্ষে রায় আসে।

এছাড়া সম্প্রতি ভারতীয় কৃষকদের নিয়ে মন্তব্য করেও সংবাদের শিরোনাম হন তিনি। তবে এবার ভিন্ন খবরে শিরোনামে এলেন কঙ্গনা। বিরতি কাটিয়ে সোশ্যাল মিডিয়ায় ফিরেই জোগালেন বির্তকের রসদ! সম্প্রতি বিবাহবন্ধনে আবদ্ধ হন কঙ্গনার ছোট ভাই অক্ষত রানাওয়াত। ইনস্টাগ্রামে কঙ্গনা তার ভাইয়ের বিয়ের বেশকিছু ছবিও পোস্ট করেন, যেখানে একটি ছবিতে বেশ খোলামেলা পোশাকে দেখা গেছে কঙ্গনাকে। আর এতেই বিরূপ প্রতিক্রিয়া শুরু করে দিয়েছেন নেটিজেনরা। বিয়ের মতো একটি অনুষ্ঠানে কঙ্গনার এমন পোশাক পরা কতটা মানানসই তা নিয়ে প্রশ্ন তুলেছেন তার ভক্তরা।

ইত্তেফাক/টিআর