অভিযোগ স্টল মেলায়

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ১৬:৫৫

সাঈদ সাহেদুল ইসলাম

 

কেউ বাণিজ্যমেলায় তো হন বিড়ম্বনার শিকার!

হয়তো ভাবেন হতে পারে; করার আছে কী কার

এবার তা নয়—বিড়ম্বনায় বেশ আছে প্রতিকার

অভিযোগে থাকবে বজায় ভোক্তাদের অধিকার!

 

পণ্যের ওজন কম দিলে তো দেবেন অভিযোগ

ভেজাল নকল পণ্যে কারও বাড়তে পারে রোগ

বিক্রেতা দাম বেশি নিলেই করবে সাজা ভোগ

জেলের সাথে সে বিক্রেতার জরিমানাও যোগ।

 

মিথ্যে কথায় বিজ্ঞাপনেও কেউ ঠকাবেন—তার

বিপদ আছে সে লিফলেটের কপি দেবেন আর

সঙ্গে দেবেন পেমেন্ট স্লিপ আর ক্যাশ ভাউচার

সেই অভিযোগকারীও পাবেন অনেক পুরস্কার।

সব জেনে তো মদন খুশি। যায় বাণিজ্যমেলায়

সঙ্গে নতুন বিবি, শালি—হাসছে যাবার বেলায়

কে জানে রে শালি তাকে রাখবে অমন ঠেলায়

অনুরোধেই শালি তাকে পাথর, ঢেঁকি গেলায়।

 

খায় শালি, বউ আইসক্রিম ও এটা সেটা তাজা

ফুচকা, কফি, দই, কচুরি, চপ ও পাঁপড় ভাজা

মদন শোকে পাথর শালি ভাঙল যে তার মাজা

এত্ত সে খায় কী ভেবেছে—মদন টাকার রাজা?

 

যা হোক—মদন ফেরার পথে অভিযোগ স্টলে

কর্তা যারা তাদের কাছেই তার অভিযোগ বলে

কী অভিযোগ ঠিক করে সে বুদ্ধি-বিবেক-ছলে

মদন পাবে পুরস্কার আজ—সব প্রমাণ হলে।

 

তার অভিযোগ মদন যখন খাচ্ছিল আইসক্রিম

মাঘের শীতেই শরীরটা তার হচ্ছিল তাই হিম

শীতকালে ক্যান ঠাণ্ডা ওসব রাখল মেলার টিম

গলা ব্যথা বাড়ছে যে ওর তাই রেগে সে ভীম!