মেলার আগে

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ১৬:৫৫

সোহেল রানা

 

মেলায় যাবে বায়না বউয়ের

কিনতে শাড়ি-চুড়ি

সঙ্গে নিয়ে আমায় নাকি

করবে ঘুরাঘুরি।

 

কিন্তু আমি জানি ঠিকই

একটা অজুহাতে

পারলে যেতে মেলায় সে তো

আনন্দেতে মাতে।

 

কারণ মাতার বলছি শুনুন

ইচ্ছেমতো কেনা

হোক না স্বামী ফতুর কিংবা

ব্যাংকে করুক দেনা।

 

হুঁশ থাকে না মোটেও তখন

মন ভোলানো হেসে

সেলফি ছাড়া আমায় কিছু

দেয় না ভালোবেসে।

 

নয়তো বোকা আমিও এবার

তাই করিনি আড়ি—

মেলার আগেই আসছি রেখে

বউকে বাপের বাড়ি।