কুকুর মারতে গিয়ে নিজের বন্দুকের গুলিতে প্রাণ গেল প্রবাসীর

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২০, ২২:২৫

রাউজানে গুলি করে কুকুরকে মারতে গিয়ে কুকুরসহ কোব্বাত হোসেন (৪৮) নামের এক প্রবাসী ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকালে উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের হোয়ারাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্বাস উদ্দিন আহমেদ ইত্তেফাককে বলেন, বেলা ৩টার দিকে কোব্বাত হোসেন নিজের লাইসেন্স করা দুই নলা বন্দুক দিয়ে কুকুরকে গুলি করতে গিয়ে নিজেই গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে চিকিত্সাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে মারা যান।

নিহত কোব্বাত হোসেন হোয়ারাপাড়া গ্রামের মদিনা আবাসিক এলাকার বিল্লাল হোসেনের ছেলে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন বলেন, তিনি একজন প্রবাসী ব্যবসায়ী। দুই মাস আগে অস্ত্রটি রাউজান থানা থেকে নিয়ে যান। আজ শনিবার তার ময়নাতদন্ত করা হবে। এ ঘটনায় কুকুরটিও মারা গেছে বলে জানিয়েছেন তিনি।