পরীক্ষা দেওয়া হলো না শাকিল (১৮) নামে এক কলেজ ছাত্রের। মেস থেকে পরীক্ষা দেওয়ার জন্য কলেজের উদ্দেশ্যে বের হয়ে কার সঙ্গে, কোথায় চলে গেছে সে খবর কেউ জানে না। পরিবারের লোকজন আত্মীয়-স্বজনসহ পরিচিত বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পায়নি।
নরসিংদী পলিটেক ইনিস্টিটিউটের প্রথম বর্ষের ছাত্র শাকিল বৃহস্পতিবার নরসিংদী শহরের ভেলানগর থেকে নিখোঁজ হয়। এ ব্যাপার নিখোঁজ শাকিলের মা খাদিজা বেগম শুক্রবার বিকেলে নরসিংদী সদর মডেল থানা একটি সাধারণ ডায়েরি করেন এবং শনিবার তিনি স্থানীয় সাংবাদিকদের শরণাপন্ন হন।
নিখোঁজ শাকিলের মা খাদিজা বেগমের কাছ থেকে জানা গেছে, শাকিল গাজীপুর জেলার কলাপাটুয়া গ্রামের আব্দুল গাফ্ফারের ছেলে। তার মা-বাবা গত বছর নরসিংদী শহরের জেলখানা মোড়স্থ নরসিংদী পলিটেকনিক্যাল ইনিস্টিটিউটে ভর্তি করায় এবং সে ভেলানগর এলাকায় একটি মেছে থেকে লেখাপড়া চালিয়ে যেতে থাকে। বর্তমানে তার প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা চলছে। বৃহস্পতিবার সে মেস থেকে পরীক্ষা দিতে কলেজের উদ্দেশ্যে বের হয়ে আর ফিরে আসেনি।
এদিকে অনেক রাত হয়ে গেলে শাকিল মেছে ফিরে না আসায় সহপাঠী মিজান রাত ১০টার দিকে তার মায়ের মোবাইলে ফোনে করে তার নিখোঁজের বিষয়টি জানায়। পরে তার মা আত্মীয়-স্বজনসহ পরিচিত বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েও কোন সন্ধান না পেলে শুক্রবার বিকেলে নরসিংদী সদর মডেল থানায় একটি সাধারন ডায়েরি করেন। যার নং ১৩০৩, তারিখ ১৮-১-১৯ইং।
শাকিলের মা আরো জানান, তিনি কলেজে খোঁজ নিয়ে দেখেছেন যে শাকিল পরীক্ষা দিতে কলেজে যায়নি। শনিবার সকালে তিনি আবার থানায় গিয়ে কথা বললে থানা থেকে তাকে জানানো হয়, শাকিলের মোবাইল ফোনের সর্বশেষ লোকেশন গাজীপুর জেলার পূবাইল এলাকায় দেখা গেছে। এরপর থেকে তার ফোনটি বন্ধ রয়েছে। থানা কর্তৃপক্ষ মোবাইল ফোনে শাকিল কার কার সঙ্গে কথা বলেছে এবং লোকেশন কি তার একটি তালিকা করে পুলিশ সুপারের কার্যালয়ে পাঠাবে। তারা মোবাইল ট্রেকিংয়ের মাধ্যমে খুঁজে বের করা চেষ্টা করবেন বলে জানিয়েছে।
আরও পড়ুনঃ ভোলায় আগুনে পুড়িয়ে গৃহবধূ ও শিশু হত্যা
এ ব্যাপারে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামানের সঙ্গে যোগাযোগ করলে তিনি বিষয়টি অবগত নন বলে সমকালকে জানান। তবে যেহেতু বিষয়টি তার নজরে এসেছে তিনি তার প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।
ইত্তেফাক/নূহু
