রাত পোহালেই ২৪ পৌরসভায় ভোট

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২০, ০৩:৪৫

রাত পোহালেই দেশের ২৪ পৌরসভায় ভোট-গ্রহণ অনুষ্ঠিত হবে। সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট-গ্রহণ। ২৪ পৌরসভার সবকটিতেই ভোট-গ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন- ইভিএম এর সাহায্যে।

এর আগে, গত ২২ নভেম্বর প্রথম ধাপে ২৫টি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তবে একজন মেয়র প্রার্থীর মৃত্যু হওয়ায় গাজীপুরের শ্রীপুরের ভোট স্থগিত করা হয়। এই ধাপে পৌরসভাগুলোতে প্রতিদ্বন্দ্বিতা করছেন  মোট ১ হাজার ১৬০ প্রার্থী।

সোমবার প্রথম ধাপে পঞ্চগড় পৌরসভা, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ, দিনাজপুরের ফুলবাড়ী, রংপুরের বদরগঞ্জ, কুড়িগ্রাম, রাজশাহীর পুঠিয়া ও কাটাখালী, সিরাজগঞ্জের শাহজাদপুর, পাবনার চাটমোহর, কুষ্টিয়ার খোকসা, চুয়াডাঙ্গা, খুলনার চালনা, বরগুনার বেতাগী, পটুয়াখালীর কুয়াকাটা, বরিশালের উজিরপুর ও বাকেরগঞ্জ, ময়মনসিংহের গফরগাঁও, নেত্রকোনার মদন, মানিকগঞ্জ, ঢাকার ধামরাই, সুনামগঞ্জের দিরাই, মৌলভীবাজারের বড়লেখা, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এবং চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

সোমবারের ভোটকে সামনে রেখে শনিবার মধ্যরাত থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচল বন্ধ ঘোষণা করেছে ইসি। একই সঙ্গে রবিবার মধ্যরাত থেকে সোমবার দিবাগত মধ্যরাত পর্যন্ত নির্বাচনী এলাকায় ট্রাক ও পিকআপ চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে জরুরি প্রয়োজনে গাড়ি ও হাইওয়ে নিষেধাজ্ঞার বাইরে থাকবে বলে জানিয়েছে ইসি।

ইত্তেফাক/জেডএইচডি